ইউজিসি চেয়ারম্যানের পদত্যাগ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক কাজী শহীদুল্লাহ।

রোববার শিক্ষা মন্ত্রণালয় বরাবর নিজের পদত্যাগপত্র পাঠান তিনি।

২০২৩ সালের ২৮ মে থেকে তিনি ইউজিসি চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।

পদত্যাগপত্রে কাজী শহীদুল্লাহ লিখেছেন, আমি শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৩ সালের ২৮ মে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করি। শারীরিক অসুস্থতার কারণে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অফিস আদেশ অনুযায়ী গত বছরের ২০ আগস্ট থেকে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছি। অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি। 

এমতাবস্থায় আমার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগপত্রটি গ্রহণপূর্বক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক কাজী শহীদুল্লাহ ইউজিসি ছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বও পালন করেছেন।