শান্তিপূর্ণভাবে ডাকসুর ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৩৮তম নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন ফলাফলের অপেক্ষা। চলছে ভোট গণনা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। নির্ধারিত ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

এবার ডাকসুতে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। অন্যদিকে ১৮টি হলে ২৩৪টি পদের বিপরীতে ছিলেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।

daksu

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ বিকেলে জানান, দুপুর তিনটা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট সংগ্রহ হয়েছে।

এদিকে ছোটখাটো অভিযোগ ও কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে ডাকসুর ভোটের পরিবেশ ভালো ছিলো বলে মন্তব্য করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) নির্বাচন পর্যবেক্ষক টিম।

daksu2

ভোট পর্যবেক্ষণ শেষে মঙ্গলবার সাংবাদিকদের তারা বলেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সবাই ভোট দিয়েছে; এটা খুবই আশাব্যঞ্জক। সবার অংশগ্রহণ এই নির্বাচনকে স্মরণীয় করে রাখবে।

ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ছিলো ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন আর ১৩টি ছাত্র হলে ভোটার ছিলেন ২০ হাজার ৯১৫ জন।