৪৮ ঘণ্টা পর জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু

ভোটগ্রহণের প্রায় ৪৮ ঘণ্টা পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার পর সিনেট ভবনে ফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন।

ফলাফল ঘোষণার শুরুতে জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ও প্রীতিলতা হলের রিটানিং কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ফলাফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার মনিরুজ্জামান, সদস্য সচিব এ কে এম রাশিদুল আলম, সদস্য লুৎফুল এলাহীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত রয়েছেন। 

এর আগে শনিবার দুপুর আড়াইটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশনের ভোট গণনা শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটের পর রাতেই ভোট গণনা শুরু হলেও ম্যানুয়ালি ভোট গণনা করায় ফল প্রকাশে এতো সময় নিলো নির্বাচন কমিশন।

তবে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন বয়কট করেছেন ছাত্রদলসহ চারটি প্যানেল ও স্বতন্ত্র পাঁচ প্রার্থী। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা ও নানা অনিয়মের অভিযোগ তুলে এক নির্বাচন কমিশনারসহ বিএনপিপন্থি চার শিক্ষকও পদত্যাগ করেছেন।

এবারের নির্বাচনে কেন্দ্রীয় ২৫ পদের বিপরীতে প্রার্থী ১৭৭ জন। মোট ভোটার ১১ হাজার ৮৯৭ জন। এরমধ্যে ছাত্র ছয় হাজার ১১৫ এবং ছাত্রী পাঁচ হাজার ৭২৮ জন। প্রায় ৬৮ শতাংশ ভোট পড়েছে।