২০২৫ সালের এইচএসসি–আলিম এবং সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে শিক্ষাবোর্ড।
রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় একযোগে দেশের ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড তাদের নিজস্ব ওয়েবসাইটে ফল প্রকাশ করে।
যেসব নম্বর থেকে আবেদন করা হয়েছিলো, সেই নম্বরেও এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেওয়া হবে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, শিক্ষার্থীদের প্রতিটি আবেদন অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে।
তিনি বলেন, পুনঃনিরীক্ষণের প্রতিটি খাতা সতর্কতার সঙ্গে যাচাই করা হয়েছে। শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) ফল দেখতে পারবে; পাশাপাশি আবেদনকারীদের মোবাইল নম্বরে এসএমএসও যাবে।
বোর্ড সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবার খাতা পুনঃনিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়ে। দেশের ১১টি শিক্ষাবোর্ডে মোট ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করে। এর মধ্যে সর্বাধিক আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে এবং সবচেয়ে কম বরিশাল বোর্ডে।
চলতি বছর সারা দেশের ৯ হাজার ১৯৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয় ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। পাসের হার ৫৮.৮৩ শতাংশ। ফেল করেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন, হার ৪১.১৭ শতাংশ।
ছাত্রীদের পাসের হার ৬২.৯৭ শতাংশ—ছাত্রদের ৫৪.৬০ শতাংশ।