শিক্ষায় বাজেট সংকট নেই, অপচয় রোধের আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষায় বাজেট সংকট নেই বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষাক্ষেত্রে অপচয় রোধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও সদস্যদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, এসব পদ দায়িত্ব পালনের, ভোগ করার নয়। যারা এসব পদে দায়িত্ব পেয়েছেন, তাদের কাজ করে যেতে হবে।

বিশ্ববিদ্যালয়গুলোকে সেশনজট থেকে বেরিয়ে আসার তাগিদ দেন শিক্ষামন্ত্রী। 

এছাড়া তিনি বলেন, শিক্ষক নিয়োগ হতে হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে বিসিএস শিক্ষার। শিক্ষার মানের সঙ্গে কোনো আপস করা যাবে না বলেও জানান তিনি।