রাজনৈতিক বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলার অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ রয়েছে, এমন বিভাগ চালুর ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।
রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘শিল্প-শিক্ষা খাতের সহযোগিতা’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
সেমিনারে বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীদের বেকারত্বের বিষয়টি আলোচনায় উঠে আসে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপের তথ্য অনুযায়ী, দেশে বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের বেকারত্বের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ। যুব বেকারত্বের হার আট দশমিক সাত শতাংশ। আর শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে রয়েছেন ২০ দশমিক ৩০ শতাংশ তরুণ।
সেমিনারে শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম প্রণয়ন, ব্যবহারিক প্রশিক্ষণ এবং গবেষণায় যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। একাডেমিক শিক্ষা ও শিল্প খাতের মধ্যে ব্যবধান কমাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইন্ডাস্ট্রি লিয়াজোঁ অফিস স্থাপনের পরিকল্পনার কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা করা হবে না। শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সংযোগ রয়েছে, এমন বিভাগ চালুর বিষয়টি গুরুত্ব পাবে।
এদিকে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আয়োজনের কথা বলা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় সেই সিদ্ধান্ত অনুসরণ না করায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।
