শিক্ষক বদলি ও এনটিআরসিএ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলি জটিলতা নিরসনে সফটওয়্যার সংশোধনের উদ্যোগ নেওয়া এবং শূন্যপদ ছাড়াই সনদ দেওয়ায় সৃষ্ট সঙ্কট পর্যালোচনার পাশাপাশি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ও বদলি ব্যবস্থার নানা দিক তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব বিষয়ে কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।

এসময় শিক্ষকদের বদলি জটিলতা নিরসনে সফটওয়্যার সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। তবে শিক্ষার মানের সঙ্গে আপস করে কোনো শিক্ষককে বদলি করা হবে না বলে স্পষ্ট করেন তিনি।

শিক্ষামন্ত্রী দাবি করেন, সাবেক আওয়ামী লীগ সরকারের সময়ে শূন্যপদ না থাকা সত্ত্বেও শিক্ষক নিয়োগের সনদ দেওয়ায় প্রায় ১০ হাজার শিক্ষক বদলি জটিলতায় পড়েছেন। এই সঙ্কটের সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে বসে নতুন করে বদলি প্রক্রিয়া পর্যালোচনা করা হবে বলে জানান তিনি।

দায়িত্ব নেওয়ার পর থেকেই এনটিআরসিএ এবং শিক্ষকদের বদলি জটিলতা সমাধানে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী দীর্ঘদিনের বদলি সমস্যা তৈরির জন্য আওয়ামী লীগ সরকারকে দায়ি করেন এবং অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন। তিনি বলেন, আমার কাজ নিয়ে আমাকে সমালোচনা করতে পারেন, তবে জোক করবেন না।

শিক্ষকদের আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, তিনি যখন বদলির আদেশ প্রস্তুত করেন, তখন শিক্ষকরা উদ্দেশ্যমূলক আন্দোলন করেন; এতে মন্ত্রণালয়ের স্বাভাবিক কাজ বাধাগ্রস্ত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও যোগ্যতা নিশ্চিত করতেই এনটিআরসিএ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছিলো। একই সঙ্গে অপ্রয়োজনীয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠা নিয়ন্ত্রণ এবং শিক্ষকদের জবাবদিহি নিশ্চিত করতে বদলি ব্যবস্থা রাখার পরিকল্পনাও ছিলো। তবে বদলি ইস্যুতে কিছু গণমাধ্যম ও স্বার্থান্বেষী মহল বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এছাড়া কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সনদ বিক্রি করে বলে অভিযোগ করে শিক্ষামন্ত্রী জানান, এর বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় শক্ত পদক্ষেপ নিয়েছে এবং নিয়মিত মনিটরিং করা হচ্ছে।