সরকারি মেডিক্যাল কলেজে আসন কমলো

দেশের সরকারি মেডিক্যাল কলেজগুলোর এমবিবিএস কোর্সে আসন সংখ্যা পুনর্নির্ধারণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্তে ২৮০টি আসন কমিয়ে ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ১০০।

সোমবার (১০ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের (চিকিৎসা শিক্ষা-১) সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

পুনর্বিন্যাসে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট এমএজি ওসমানী, বরিশাল শের-ই-বাংলা, ঢাকার স্যার সলিমুল্লাহ এবং রংপুর মেডিক্যাল কলেজ থেকে ২৫টি করে আসন কমানো হয়েছে। এছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে ২৩০ থেকে কমিয়ে ২২৫টি আসন নির্ধারণ করা হয়েছে।

হবিগঞ্জ মেডিক্যাল কলেজের আসন কমিয়ে ৫০ করা হয়েছে। নেত্রকোনা, নীলফামারী, নওগাঁ, মাগুরা ও চাঁদপুর মেডিক্যাল কলেজের আসনও ২৫ করে কমিয়ে ৫০ করা হয়েছে। 

অন্যদিকে তিনটি কলেজে আসন বৃদ্ধি করা হয়েছে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ এবং টাঙ্গাইল মেডিক্যাল কলেজে ২৫ করে বাড়িয়ে ১২৫ এবং পটুয়াখালী মেডিক্যাল কলেজে ২৫ বাড়িয়ে ১০০ আসন নির্ধারণ করা হয়েছে।

অন্য সরকারি মেডিক্যাল কলেজের আসন অপরিবর্তিত রাখা হয়েছে। কুমিল্লা, খুলনা, বগুড়া, ফরিদপুর ও দিনাজপুর মেডিক্যাল কলেজে ২০০টি করে আসন রয়েছে। পাবনা, নোয়াখালী, কক্সবাজার, যশোর, সাতক্ষীরা, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম, কুষ্টিয়া, জামালপুর এবং মুগদা মেডিক্যাল কলেজে ১০০টি করে আসন। গোপালগঞ্জ ও মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ১২৫টি করে এবং সুনামগঞ্জ মেডিক্যঅল কলেজে ৭৫টি আসন নির্ধারণ করা হয়েছে।