২০ জুলাই এসএসসির ফল নয়, সম্ভাব্য কবে জানালো বোর্ড

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পূর্বনির্ধারিত ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রকাশের এই তারিখ কিছুটা পিছিয়ে যাচ্ছে। তবে নতুন কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঠিক না হলেও চলতি জুলাই মাসের মধ্যেই এই ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।

শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগামী ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের একটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছিলো এবং সে অনুযায়ী শিক্ষামন্ত্রী শিক্ষা বোর্ডগুলোকে প্রস্তুত থাকার নির্দেশনাও দিয়েছিলেন। বোর্ডগুলো সেই মোতাবেক প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছিলো। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে অংশীজনরা ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজ প্রত্যাশিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয়নি।

ফল প্রকাশে আর কয়েক দিন সময় লাগবে উল্লেখ করে বোর্ড চেয়ারম্যান আরও বলেন, খুব বেশি দেরি হবে না। আশা করছি, এই জুলাই মাসের মধ্যেই আমরা সব কাজ গুছিয়ে ফল প্রকাশ করতে পারবো।

সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়ে থাকে। সেই নিয়ম অনুযায়ী এবারও ২০ জুলাই ফল প্রকাশের কথা ছিলো।

চলতি বছর ২১ এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে এবং মাদরাসা (দাখিল) ও কারিগরি (ভোকেশনাল) বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ২৪ মে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ index ৬৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।