এসএসসির ফল প্রকাশের তারিখ জানালেন বোর্ড চেয়ারম্যান

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ফল প্রকাশের প্রস্তুতি কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী ১০ আগস্ট সারাদেশে একযোগে সব শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ করা হবে। কীভাবে ও কোন পদ্ধতিতে শিক্ষার্থীরা ফল সংগ্রহ ও দেখতে পারবেন, সে বিষয়ে পরবর্তী সময়ে আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

শিক্ষার্থীরা নির্ধারিত দিনে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন।