এসএসসি পরীক্ষায় যেসব শিক্ষার্থী সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য (ফেল) হবে, তাদের ঝরে পড়া রোধে ফল প্রকাশের মাত্র ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ফেল করার এই ঐতিহ্য বছরের পর বছর ধরে চলতে পারে না। সরকার শিক্ষার্থীদের জন্য অহেতুক সময় নষ্ট বা বছর পার করার সুযোগ আর দেবে না।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বগুড়ার শেরপুর উপজেলায় অবস্থিত পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মিলনায়তনে ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নতুন নিয়োগপ্রাপ্ত ৬৫ প্রধান কর্মকর্তার ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থায় বার বার ফেল করে সময়ক্ষেপণ না করে যারা সাধারণ ধারায় এগোতে পারবে না, তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কারিগরি শিক্ষা ব্যবস্থার দিকে পরিচালিত করা হবে।
পরবর্তীকালে নৈতিক শিক্ষার অবক্ষয় রোধে নেওয়া পদক্ষেপ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে যে নৈতিকতার অবক্ষয় ঘটেছে, তা থেকে বেরিয়ে আসতে সরকার জোর তৎপরতা শুরু করেছে। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চতুর্থ শ্রেণি থেকেই সব বিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা ও নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একটি পুরো প্রজন্মকে নৈতিক ও সামাজিকভাবে উন্নত করতে ইতোমধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা এবং ‘প্রধানমন্ত্রী গোল্ডকাপ’ চালু করা হয়েছে। এর মাধ্যমে উৎসবমুখর পরিবেশে পড়াশোনা ও খেলাধুলার সমন্বয় ঘটানো হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) ভারপ্রাপ্ত সচিব ড. সরদার কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, আরডিএর মহাপরিচালক আব্দুল মজিদ এবং মন্ত্রীর সহধর্মিনী নাজমুন নাহার বেবী। ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী বেসরকারি উন্নয়ন সংস্থা খান একাডেমি আয়োজিত ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।