‘কই, কোথায়? স্টুডেন্ট কোথায়?’- শ্রেণিকক্ষে ঢোকার আগেই এমন প্রশ্ন ছুড়ে দিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। জবাবে কক্ষে থাকা শিক্ষিক হাত দিয়ে দেখিয়ে বললেন, স্যার, আমার ছাত্রী এইটা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে শিক্ষার্থী উপস্থিতির এমন নাজুক চিত্র দেখেন শিক্ষামন্ত্রী।
সকালে রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে নেমে সড়কপথে নাটোরে যাওয়ার পথে রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে অবস্থিত কলেজটিতে আকস্মিক পরিদর্শনে যান তিনি। বেলা ১১টা ৩৮ মিনিটে কলেজে প্রবেশ করে প্রায় ১৮ থেকে ২০ মিনিট অবস্থান করেন মন্ত্রী এবং সরাসরি দোতলায় উঠে শ্রেণিকক্ষগুলো ঘুরে দেখেন। পরিদর্শনের দুটি ভিডিও মন্ত্রীর ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।
প্রথম শ্রেণিকক্ষটিতে ঢুকে ১৯ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র একজন ছাত্রীকে উপস্থিত দেখে অবাক হয়ে শিক্ষামন্ত্রী জানতে চান, “এই একজন? এটা কী ক্লাস? ছাত্রছাত্রী কোথায়? শিক্ষিকা জানান, এটি রাষ্ট্রবিজ্ঞান (পলিটিক্যাল সায়েন্স) ক্লাস এবং অন্যরা আসেনি।
এরপর পাশের আরেকটি কক্ষে ঢুকেও একই চিত্র দেখতে পান মন্ত্রী। সেখানেও একজন শিক্ষার্থীকে দেখে তিনি জানতে চান, একজন! কিসের ক্লাস এটা? শিক্ষিকা জানান, এটি উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ক্লাস এবং মোট ১৫ জন ছাত্রীর মধ্যে কেবল একজন এসেছে। এ কথা শুনে অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী সচিবকে ডেকে আনতে বলেন। শিক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়ে শিক্ষকেরা সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি।
এ সময় আরেক শিক্ষকের কাছে শিক্ষার্থী উপস্থিতি কম থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, সাড়ে ১১টায় ক্লাস শুরু হয়েছে এবং শিক্ষকেরা ঢুকলেও ছেলেমেয়েরা বাইরে ঘোরাঘুরি করছে। উপস্থিতি অনেক কম ও অনিয়মিত হওয়ায় তিনিও আক্ষেপ প্রকাশ করেন।
দুপুরে কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, মন্ত্রীর গাড়ি হঠাৎ কলেজে ঢুকতে দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। তাঁর ভাষ্যমতে, উচ্চমাধ্যমিক পর্যায়ের এই কলেজে প্রথম বর্ষে ৭৫ জন এবং দ্বিতীয় বর্ষে ১৬৮ জন শিক্ষার্থী ভর্তি রয়েছে এবং পরিদর্শনের সময় কলেজে প্রায় ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।
অধ্যক্ষ দাবি করেন, বাংলা ও মনোবিজ্ঞান ক্লাসে অনেক শিক্ষার্থী উপস্থিত থাকলেও গার্হস্থ্য বিজ্ঞান (মোট ১৫-১৬ জন) ও জীববিজ্ঞানের (মোট ৫-৬ জন) ক্লাসে শিক্ষার্থী তুলনামূলক কম থাকায় ওই দুটি কক্ষে একজন করে শিক্ষার্থী ছিল। তিনি আরও জানান, অনেক শিক্ষার্থী কলেজে এসেও বাইরে ঘোরাঘুরি করে; তাদের ক্লাসমুখী করতে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ, অভিভাবক সমাবেশ এবং আসন্ন নির্বাচনী পরীক্ষার কথা উল্লেখ করে নিয়মিত তদারকি করা হচ্ছে।
পরিদর্শনকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খান মঈনুদ্দীন আল মাহমুদ উপস্থিত ছিলেন।