জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় প্রতিবাদী বিভিন্ন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এসময় তারা বিভিন্ন দাবি এবং তা মানা না হলে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন।
রোববার সন্ধ্যার পর থেকে শিক্ষার্থীরা অবন্তিকার মৃত্যর ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে কঠোর শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ, মশালমিছিলসহ নানা কর্মসূচি পালন করে।
সমাবেশে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি দাবি তোলেন। সেগুলো হলো-
- অবিলম্বে তদন্ত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অভিযুক্তদের স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে।
- অভিযুক্তদের সাথে সংশ্লিষ্ট সবাইকে তৎকালীন প্রক্টরিয়াল বডিকে তদন্ত সাপেক্ষে জবাবদিহিতার আওতায় আনতে হবে।
- আগে ঘটে যাওয়া সকল নিপীড়নের বিচার দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে।
- দ্রুততম সময়ে নিরক্ষেপ যৌন নিপীড়ন দমন সেল গঠন করতে হবে এবং প্রতিটি বিভাগে অভিযোগ বক্স স্থাপন করতে হবে।
- শিক্ষার্থীদের জন্য মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ দিতে হবে।
শুক্রবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। অবন্তিকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে অবন্তিকা এ ঘটনার জন্য আম্মান সিদ্দিকী নামে তার এক সহপাঠীকে দায়ী করেছেন। একইসঙ্গে সহকারী প্রক্টর দ্বীন ইসলামকেও এ ঘটনার জন্য দায়ী করেন।
অবন্তিকার মৃত্যুর ঘটনায় শিক্ষক ও সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
এদিকে অভিযুক্ত শিক্ষক ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে একাত্তর টেলিভিশনকে এক সাক্ষাৎকারে এ ঘটনায় নিজের কোনো দায় নেই বলে দাবি করেছেন তিনি।