জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদের সই করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের গত ১৬ মার্চ ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের শর্ত মোতাবেক ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদ হতে অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩’ এর ১১(১) ধারা অনুযায়ী তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়।
উপাচর্য পদে নিয়োগের ক্ষেত্রে প্রজ্ঞাপনে কয়েকটি শর্তের কথা উল্লেখ করা হয়েছে। উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা পূর্বে ঘটে সে সময় পর্যন্ত বহাল থাকবে।
উপাচার্য তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্য সুবিধা পাবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।