শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে গড়ে না তুলে বরং সফল উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে প্রতিষ্ঠিত করার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। তিনি জানিয়েছেন, তরুণদের নতুন ব্যবসা ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে উৎসাহিত করতে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তাসহ নানামুখী পদক্ষেপ নিচ্ছে বর্তমান সরকার।
সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. মামুন বলেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষার্থীরা নিজেদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। তরুণ উদ্যোক্তাদের সহায়তায় সরকারের বিভিন্ন আর্থিক পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ডের প্রস্তাব করা হয়েছে। এছাড়া সৃজনশীল অর্থনীতির বিকাশে ৮০০ কোটি টাকার উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে ৩০০ কোটি টাকা সরাসরি সরকারি বরাদ্দ এবং বাকি ৫০০ কোটি টাকা করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাত থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
ব্যাংকঋণের উচ্চ সুদহারের চাপ কমাতে সরকারের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে ইউজিসি সদস্য জানান, নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও সম্প্রসারণে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিসহ নানা ঋণ সুবিধাও চালু রয়েছে। তবে কেবল অর্থায়নই যথেষ্ট নয়, বরং উদ্যোক্তাদের জন্য যথাযথ প্রশিক্ষণ, প্রযুক্তিগত জ্ঞান এবং বাজারের সঙ্গে সংযোগ তৈরি করাও সমান জরুরি বলে তিনি মত দেন।
বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল সনদ বা ডিগ্রি প্রদানের প্রতিষ্ঠানে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়ে ড. মামুন বলেন, ক্যাম্পাসগুলোতে গবেষণা, ইনোভেশন হাব এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর যোগাযোগ গড়ে তুলতে হবে। পরিবর্তিত বিশ্ববাজারের চাহিদার সঙ্গে তাল মেলাতে শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), যোগাযোগ ও নেতৃত্বের দক্ষতা অর্জনের পরামর্শ দেন তিনি। এছাড়া দেশীয় প্রযুক্তি শিল্পের বিকাশে সরকার নির্বাচিত তথ্যপ্রযুক্তি পণ্যে কর-সুবিধা দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ামিন আর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং বিশেষ অতিথি হিসেবে বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।