জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

উচ্চ আদালতের রায় বাস্তবায়নের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে আন্দোলনকে কেন্দ্র করে ভাঙচুর ও নাশকতার অভিযোগে ১৭২ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের সহকারী প্রক্টর মো. সালাহ্ উদ্দিন বাদী হয়ে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) গাছা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, ক্যাম্পাসের উদ্ভূত পরিস্থিতি এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সুষ্ঠুভাবে তদন্তের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুনকে এই কমিটির প্রধান করা হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় গত ১৬ নভেম্বর। ওই দিন উচ্চ আদালতের রায়ের আলোকে জ্যেষ্ঠতা, পদোন্নতি এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে ৯৮৮ জন পুনর্বহাল কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে গাজীপুরের বোর্ডবাজারস্থ মূল ক্যাম্পাসে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বিকেল তিনটার দিকে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে দিয়ে পুরো ক্যাম্পাসে ‘লকডাউন’ ঘোষণা করেন। এর ফলে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহসহ ভেতরে অবস্থানরত শতাধিক কর্মকর্তা-কর্মচারী অবরুদ্ধ হয়ে পড়েন। আন্দোলনকারীরা বস্তা ও পুরোনো পত্রিকা বিছিয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে রাতভর অবস্থান কর্মসূচি পালন করেন।

একই দিন সকালে আওয়ামী লীগপন্থী কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ পাল্টা মিছিল নিয়ে মূল ফটকের দিকে আসার চেষ্টা করলে আন্দোলনকারীরা তাঁদের ধাওয়া দেন। পরবর্তীতে তাঁরা অ্যাকাডেমিক ভবনের দিকে সরে গিয়ে সেখানে কোণঠাসা অবস্থায় অবস্থান নেন।

উদ্ভূত অচলাবস্থা নিরসনে ১৬ নভেম্বর রাত ১০টায় উপাচার্যের সভাপতিত্বে এক জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী মোল্লা মাহফুজ আল হোসেনের স্বাক্ষরে ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

তবে জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলনসংক্রান্ত কার্যক্রম এই বন্ধের আওতামুক্ত রাখা হয়। ওই দিন রাত ১১টা ৩৭ মিনিটে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ দক্ষিণ) মো. শফিকুল ইসলাম জানান, ফলপ্রসূ আলোচনার পর অবরুদ্ধ উপাচার্যসহ অন্যান্য কর্মকর্তারা নিরাপদে ক্যাম্পাস থেকে বের হয়ে গেছেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন পদে এসব কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পেয়েছিলেন। পরবর্তী সময়ে ২০১২ সালে আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের চাকরিচ্যুত করে।

দীর্ঘ প্রায় ১৪ বছরের আইনি লড়াই শেষে ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ জীবিত চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন।

আদালতের রায়ে তাঁদের চাকরিচ্যুতির সময়কালকে ‘অসাধারণ ছুটি’ হিসেবে গণ্য করে জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়টি মানবিক ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নির্ধারণ করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপর ছেড়ে দেওয়া হয়।

আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, আদালতের নির্দেশে চাকরিতে পুনর্বহাল করা হলেও জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা প্রদানে চরম বৈষম্য করা হচ্ছে।

তাদের দাবি, আদালতের নির্দেশনা অনুযায়ী জ্যেষ্ঠতা অক্ষুণ্ন না রেখে এখনো তাদের ২০১২ সালের পে-স্কেল অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রায় ২ হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে পুনর্বহাল হওয়া এই ৯৮৮ জন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তুলে তাঁরা জানান, নতুন নিয়োগ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিপুল অর্থ ব্যয় করা হলেও পুনর্বহাল কর্মীদের পাওনা পরিশোধে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।