এইচএসসির পুনঃপরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা থাকলো না। ৩১ ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলো, তা স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আদেশের পর তিনি সাংবাদিকদের বলেন, দুই বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের সরকার বিশেষ সুযোগ দিয়েছে। তবে এই সুযোগকে অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে গিয়ে সব বিষয়ে উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আটকে রাখা যায় না।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, দুই বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের বিবেচনায় নিয়ে সব বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা পিছিয়ে দেওয়া যুক্তিসংগত নয়। এতে বৃহত্তর সংখ্যক মেধাবী শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হতে পারেন।
এর আগে গত ১৮ নভেম্বর এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এইচএসসির সাপ্লিমেন্টারি (পুনঃপরীক্ষা) ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাবিসহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট। হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে ১৯ নভেম্বর আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। চেম্বার আদালত আবেদনটি শুনানির জন্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। সোমবার পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে হাইকোর্টের আদেশটি স্থগিত করা হলো।
গত ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে সভা করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানিয়েছিল, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু হবে। তবে হাইকোর্টের আদেশের দিন অর্থাৎ ১৮ নভেম্বর ইউজিসি আরেকটি সভা করে ৯ নভেম্বরের সেই সিদ্ধান্ত বাতিল করেছিলো। এখন আপিল বিভাগের আদেশের ফলে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম এগিয়ে নিতে আর কোনো বাধা রইলো না।