চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিট আবেদনের শুনানি শেষে আদালত রুল জারির পাশাপাশি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন।
একই সঙ্গে সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়ন পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য অনলাইন আবেদন চালু রাখা অথবা শর্তসাপেক্ষে আবেদন জমা দেওয়ার সুযোগ দিতে অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেওয়া হয়।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন। তাদের জন্য প্রথমবারের মতো সম্পূরক পরীক্ষার সুযোগ রেখেছে শিক্ষা বোর্ড। এরই মধ্যে পরীক্ষার ফরম পূরণ শেষ হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
তবে পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও মেডিকেলসহ অন্তত ১১টি প্রতিষ্ঠান ভর্তি পরীক্ষার সূচি ঘোষণা করে। এমনকি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গত ৯ নভেম্বরের নির্দেশনা উপেক্ষা করে ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়।
এদিকে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী কাজী মোহাম্মদ জয়নাল আবেদীন।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন। তাদের মধ্যে ৫ লাখ ৭ হাজারের বেশি পরীক্ষার্থী পাস করতে পারেননি। অর্থাৎ প্রায় অর্ধেক পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
