সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ সিনেমার টিজার প্রকাশ পেয়েছে সোমবার। উপমহাদেশের বিখ্যাত পরিচালক মৃণাল সেনের বায়োপিক।
এই টিজারে পাওয়া গেল নাম ভূমিকায় অভিনয় করা এক অন্য চঞ্চল চৌধুরীকে। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায়।
মৃণাল সেনের শৈশব থেকে সিনেমায় আসার গল্প, নির্মাণ ও তার ব্যক্তিজীবনের গল্প ‘পদাতিক’–এ উঠে এসেছে।
এই বায়োপিকে মৃণাল সেন কীভাবে সিনেমা নির্মাতা হন এবং পরবর্তীতে মানুষের জন্য কথা বলার মাধ্যম হিসেবে সিনেমাকে বেছে নেয়া, তাদের সংগ্রাম, বেঁচে থাকা, না–থাকার গল্প সেলুলয়েডে তুলে ধরেন-যা প্রশংসিত হয় বিশ্ব সিনেমা অঙ্গনে।
সিনেমার টিজারে মৃণাল সেন ঘিরে সবকিছুই উঠে এসেছে- চিত্রনাট্য লেখা, শুটিং করা, সিনেমা নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ প্রভৃতি। মৃণাল সেনের ব্যক্তিজীবনও বাদ পড়েনি এই সিনেমায়। তরুণ থেকে বয়সী- সব চরিত্রেই মানানসই ছিলেন চঞ্চল।
বলতে গেলে গোপনেই শুরু হয়েছিল ‘পদাতিক’-এর শুটিং। কলকাতা, মুম্বাইসহ বেশ কিছু জায়গায় শুটিং হয়। ভারতের বাইরেও কিছু দৃশ্য ধারণ করতে হয়েছে।
উপমহাদেশের অন্যতম চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনকে শ্রদ্ধা জানাতেই তার জীবন, কর্ম ও সময়ের গল্প নিয়ে সৃজিত মুখোপাধ্যায় তৈরি করছেন ‘পদাতিক’। এই সিনেমায় চঞ্চল চৌধুরী ছাড়াও মনামী ঘোষ, জিতু কমল, করক সামান্তাসহ আরও অনেকে অভিনয় করেছেন।