দক্ষিণী সিনেমার 'থালাপথি' বিজয় এবং গ্ল্যামার কুইন তৃষা কৃষ্ণান- এই দুই নাম গত দুই দশক ধরে তামিল ইন্ডাস্ট্রিতে যতটা না অভিনয়ের জন্য চর্চিত হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে তাদের অফ-স্ক্রিন রসায়নের জন্য। সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে তাদের একসঙ্গে উপস্থিতি সেই পুরনো গুঞ্জনে নতুন করে ঘি ঢেলেছে।
বিজয়ের স্ত্রী সঙ্গীতার সাথে বিবাহবিচ্ছেদের খবরের মাঝেই তৃষার সাথে তার ডেটিংয়ের খবর এখন নেট দুনিয়ার হট টপিক। চলুন দেখে নেওয়া যাক তাদের এই দীর্ঘ বন্ধুত্বের পরিক্রমা।
২০০৪ সালে ধরনী পরিচালিত ‘গিল্লি’ সিনেমার মাধ্যমে প্রথমবার পর্দায় জুটি বাঁধেন বিজয় ও তৃষা। এই ছবিটি বিজয়ের ক্যারিয়ারকে রোমান্টিক হিরো থেকে অ্যাকশন স্টারের দিকে ঘুরিয়ে দেয়। তাদের অন-স্ক্রিন কেমিস্ট্রি এতটাই নজরকাড়া ছিল যে ‘আপ্পাদি পোডু’ গানটি আজও কাল্ট ক্লাসিক হিসেবে স্বীকৃত।
‘গিল্লি’র সাফল্যের পর তারা একে একে ‘থিরুপাচি’, ‘আথি’ এবং ‘কুরুভি’-এর মতো হিট সিনেমায় কাজ করেন। কিন্তু এরপরই হঠাৎ তাদের পেশাদার দূরত্ব বাড়তে থাকে। শোনা যায়, তাদের অতিরিক্ত ঘনিষ্ঠতা নিয়ে বিজয়ের পরিবার থেকে চাপ সৃষ্টি হওয়ায় তারা দীর্ঘদিন একসঙ্গে কাজ করা থেকে বিরত ছিলেন।
দীর্ঘ বিরতি কাটিয়ে ২০২৩ সালে লোকেশ কানাগরাজের ‘লিও’ সিনেমায় স্বামী-স্ত্রীর চরিত্রে কামব্যাক করেন এই প্রিয় জুটি। ২০২৪ সালে বিজয়ের ‘দ্য গ্রেটেস্ট অফ অল টাইম’ ছবিতেও একটি বিশেষ গানে তৃষাকে ক্যামিও চরিত্রে দেখা যায়।
বিজয় ও তৃষার বন্ধুত্ব যে শুধু 'শুটিং সেট' পর্যন্ত সীমাবদ্ধ নয়, তার প্রমাণ মিলেছে বারবার। ‘লিও’ সিনেমার শুটিং শেষ করে নরওয়ের অসলোর রাস্তায় এই জুটির পায়চারি করার একটি ছবি ইন্টারনেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করে। যদিও এনিয়ে দুজনের কেউই কখনও মুখ খোলেননি।
২০২২ সালে তৃষা নিউইয়র্কে তার 'সোলো ট্রিপ'-এর ছবি আপলোড করেন। কিন্তু একটি ছবিতে দুই জোড়া জুতো দেখে নেটিজেনদের বুঝতে বাকি থাকেনি যে তার সঙ্গী হিসেবে সেখানে বিশেষ কেউ ছিলেন।
বিজয়ের জন্মদিনে তৃষার এক্সে হ্যান্ডেলে পোস্ট করা একটি ছবি বেশ চর্চিত হয়, যেখানে বিজয়কে তৃষার পোষ্য কুকুর 'ইজি'-র সাথে খেলতে দেখা যায়। তৃষা তাকে ‘সবচেয়ে সেরা’ বলে সম্বোধন করেন। আরেকটি জন্মদিনে লিফটের আয়নায় তোলা একটি সেলফি শেয়ার করে তৃষা লেখেন, ঝড়ের শান্ততা, শান্ততা ঝড়ের’, এই ক্যাপশনটি তাদের গভীর সম্পর্কের দিকেই ইঙ্গিত দেয় বলে ভক্তদের ধারণা।
২০২৪ সালে অভিনেত্রী কীর্তি সুরেশ এবং অ্যান্টনি থাটিলের বিয়েতে যোগ দিতে বিজয় ও তৃষা একসঙ্গে গোয়া ভ্রমণ করেন। সেখানে তাদের জনসমক্ষে উপস্থিতি আবারও প্রমাণ করেছে, দীর্ঘ ২০ বছর ধরে চলে আসা এই সম্পর্কের বাঁধন আজও অটুট। বিজয় এবং তৃষা সব সময় নিজেদের ‘জাস্ট ফ্রেন্ডস’ বলে দাবি করলেও, তাদের গোপন ভ্রমণ, সোশ্যাল মিডিয়া পোস্ট এবং বিজয়ের ব্যক্তিগত জীবনের পরিবর্তনগুলো অন্য কিছুরই ইঙ্গিত দিচ্ছে। রূপালী পর্দার এই অমর জুটি বাস্তবেও কি জীবনসঙ্গী হতে চলেছেন? উত্তরটা হয়তো সময়ের হাতেই তোলা থাকল।