চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফল প্রকাশের পরও ভোটকে ঘিরে বিতর্ক আর আলোচনা পিছু ছাড়েনি। চলছে নানা পক্ষের অভিযোগ আর দাবি।
নির্বাচনের দিন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠনের ১৭ সংগঠনকেই এফডিসি প্রবেশ করতে দেননি নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।
এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে তাঁকে এফডিসিতে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে চলচ্চিত্রের ১৮ সংগঠন এই সিদ্ধান্তের কথা জানায়।
১৮ সংগঠনের পক্ষে পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, ‘আর কখনো শিল্পী সমিতির নির্বাচন এফডিসি হতে দেয়া হবে না।
যেহেতু শিল্পীদের নির্বাচনে অনেক পুলিশ লাগে, নিরাপত্তা লাগে এবং অন্যদের সমস্যা হয় তাই আমরা চাই এফডিসি নয়, অন্য কোথাও এই নির্বাচন হোক।
সেই সঙ্গে এবারের নির্বাচন কমিশনার পীরজাদা হারুনকে তার স্বেচ্ছাচারিতার জন্য নিষিদ্ধ করা হলো। সেই সঙ্গে এফডিসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের পদত্যাগ চাই’।
সোহান আরও বলেন, নির্বাচনে আমাদের বাধা না দিতে এফডিসি ও নির্বাচন কমিশনকে বারবার জানিয়েছিলাম, তবে তাতে কোনও কাজ হয়নি। আমাদের এফডিসিতে ঢুকতে দেয়া হয়নি।
এদিকে, ভোটের দিন পরিচালকরা এফডিসিতে ঢুকতে না পারার বিষয়টিকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন।
অন্যদিকে, নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ভোটের ফল মেনে নেননি প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। তিনি ভোট পুনর্গণনা চেয়ে নির্বাচন কমিশনের কাছে আপিল করেছেন।
শনিবার দুপুর পৌনে একটার দিকে শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডে লিখিতভাবে আবেদন জমা দিয়েছেন অভিনেত্রী নিপুণ।
একাত্তর/এআর