সংগীত অঙ্গনের নক্ষত্র পতনের শেষ সারিতে ছিলেন ‘ডিসকো কিং’ খ্যাত সুরকার, গায়ক বাপ্পী লাহিড়ী। ভারতীয় সংগীতে এ নামটি যেন রাজকীয়। যেমন দরাজ কণ্ঠ, সুরের যাদু, তেমনই ছিল তার স্টাইলিশ জীবনযাপন। গা থাকতো স্বর্ণের গয়না ঢাকা, চোখে সব সময় সানগ্লাস। আর বিদায় বেলাতেও তার শেষ যাত্রায় দেখা গেলো ভিন্নতা। অন্তিম সেই যাত্রায় বাপ্পী লাহিড়ীর চোখে ছিল সেই সানগ্লাস। তার শবযাত্রার বিভিন্ন ছবি ও ভিডিও থেকে বিষয়টি সামনে এসেছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মুম্বাইয়ের পবনহংস শ্মশানে সম্পন্ন হয়েছে বাপ্পী লাহিড়ীর শেষকৃত্য। চোখের জলে প্রিয় তারকাকে বিদায় জানিয়েছেন অসংখ্য ভক্ত-অনুরাগী।
শেষযাত্রায় বাপ্পী লাহিড়ীর মরদেহ কাঁধে নিয়েছেন বেশ কয়েকজন। ছিলেন তার পুত্র বাপ্পা লাহিড়ীও।
বাপ্পী লাহিড়ী জীবদ্দশায় সবসময় গায়ে অনেকগুলো গয়না পরতেন। লকেট, মোটা চেন, আংটি আধা কেজির বেশি স্বর্ণ থাকতো তার পরনে। গয়নাগুলো নিজের নামে কপিরাইট পর্যন্ত করে রেখেছিলেন তিনি। শেষযাত্রায় স্বর্ণগুলো অবশ্য দেওয়া হয়নি। তার স্টাইলের অন্যতম আইকন সানগ্লাসই কেবল শোভা পেয়েছে।
বিভিন্ন শারীরিক সমস্যার জন্য প্রায় একমাস হাসপাতালে ভর্তি ছিলেন বাপ্পী লাহিড়ী। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বাড়ি ফেরেন তিনি। কিন্তু পরদিনই অসুস্থ হয়ে পড়েন। দ্রুত নেওয়া হয় ক্রিটিকেয়ার হাসপাতালে। কিন্তু মধ্যরাতেই প্রয়ান হয় তার।
প্রয়াত বাপ্পি লাহিড়ীর মেয়ে রিমার স্বামী গোবিন্দ বনসল জানিয়েছেন, মঙ্গলবার রাতে নৈশভোজ সারার পরই অসুস্থ হয়ে পড়েন বাপ্পি লাহিড়ী। এরপরই হৃদরোগে আক্রান্ত হন। গোবিন্দের কথায়, ‘শাশুড়ি মা নিজে হাতে খাইয়ে দিয়েছিলেন।
একাত্তর/এসি