বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের বার্ষিক সাধারণ সভায় নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২০২২-২০২৪ সালের জন্য এই কমিটিতে সভাপতি হিসেবে ডা: জহিরুল ইসলাম কচি এবং সাধারণ সম্পাদক হিসেবে দ্বিতীয়বারের মত নির্বাচিত হয়েছেন রাকিবুল হাসান। শুক্রবার (২৫ মার্চ) বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের মিলনায়তনে সর্বসম্মতভাবে ১৯ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনিবাহী পরিষদ এবং ১০ সদস্যের উপদেষ্টা পর্ষদ গঠন করা হয়। বার্ষিক সাধারণ সভা সভাপতিত্ব করেন জাহিদুর রহিম অঞ্জন।
২০২২ -২০২৪ বর্ষের পূর্নাঙ্গ কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জহিরুল ইসলাম কচি, সহ-সভাপতি পদে এল. অপু রোজারিও, দেওয়ান শামসুর রকিব।
এদিকে টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হিসেবে থাকছেন রাকিবুল হাসান।
সংগঠনটির নির্বাহী সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কাওসার আহমেদ খান, অর্থ সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম শাওন, দপ্তর সম্পাদক আব্দুর রহমান, অনুষ্ঠান ও প্রশিক্ষণ সম্পাদক অপরাজিতা সংগীতা, প্রকাশনা সম্পাদক আসিফ সৈকত ও প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লাবনী আশরাফী।
এই কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে থাকছেন আমিনুর রহমান বাচ্চু, এন. রাশেদ চৌধুরী, আকরাম খান, আকা রেজা গালিব, সালাউদ্দিন অটন, সৈয়দ ইমরান হোসেন কিরমানী, মাহমুদ হাসান কায়েস, হামেদ কিবরিয়া ও কাওসার চৌধুরী।
উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন বরেণ্য চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল, মানজারে হাসীন মুরাদ, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, মোরশেদুল ইসলাম, জাহিদুর রহিম অঞ্জন, এনায়েত করিম বাবুল, আমিনুল ইসলাম খোকন, জুনায়েদ হালিম, সামিয়া জামান ও একেএম জাকারিয়া।
উল্লেখ্য, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম বাংলাদেশি স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের সংগঠন। এটি ২৪ আগস্ট ১৯৮৬ সালে যাত্রা শুরু করে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল বাংলা চলচ্চিত্রাঙ্গনকে সমৃদ্ধ করার জন্য। সংগঠনটি এমন সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল, যখন বাংলাদেশি চলচ্চিত্র জগতে মসলাদার চলচ্চিত্রের রাজত্ব চলছিল। তখন, আর্ট ফিল্ম জনরার চলচ্চিত্রের অবস্থা ছিল করুণ।
সংগঠনটি আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্তদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের আয়োজন করে থাকে। এটি ১৯৮৮ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছিল, যা ছিল উপমহাদেশের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব।
প্রতিষ্ঠানটি বহু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছে। সংগঠনটি সারাদেশ জুড়ে চলচ্চিত্রবিষয়ক সেমিনার ও কর্মশালা ছাড়াও চলচ্চিত্র উৎসবের আয়োজন করে এবং শাহবাগে প্রতিষ্ঠানটির কার্যালয়ে চলচ্চিত্র প্রদর্শন করে থাকে।
একাত্তর/এসএ