যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে দেশটিতে এশীয় এবং এশীয় বংশদ্ভূতদের বিরুদ্ধে সংঘটিত ঘৃণামূলক অপরাধ নিয়ে কথা বলতে আগামী সপ্তাহে হোয়াইট হাউজে যাবেন জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। বৃহস্পতিবার (২৬ মে) এক বিবৃতিতে হোয়াইট হাউজ এ তথ্য জানিয়েছে।
এতে আরও জানানো হয়, মঙ্গলবার বাইডেন আন্তর্জাতিকভাবে সুপরিচিত এই ব্যান্ডকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তাদের সাথে “এশীয় অন্তর্ভুক্তি এবং প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা করবেন এবং এশীয়দের প্রতি বিদ্বেষমূলক অপরাধ ও বৈষম্য়ের ওপর আলোকপাত করবেন যা সাম্প্রতিক বছরগুলোতে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।”
দক্ষিণ কোরীয় এই বয় ব্যান্ডের ৭ সদস্য তাদের গান ও নাচের জন্য পরিচিত। ফেব্রুয়ারিতে টানা দ্বিতীয়বারের মতো তারা আইএফপিআই গ্লোবাল রেকর্ডিং আর্টিস্ট অফ দ্য ইয়ার শিরোপা জিতেছে।
গত বছর থেকে এশীয় আমেরিকানদের প্রতি দেশটিতে ঘৃণামূলক অপরাধ অনেক বেড়েছে। এ দেশে মে মাসটি এশিয়ান আমেরিকান এবং নেটিভ হাওয়াইয়ান/প্যাসিফিক আইল্যান্ডার (এএএনএইচপিআই)-মাস হিসাবে স্বীকৃত মাস। এ সমইয়েই জনপ্রিয় এশীয় এই ব্যান্ডের সাথে সাক্ষাৎ করার আয়োজন করেছেন বাইডেন।
উল্লেখ্য, ২০১৩ সালে আত্মপ্রকাশ করার পর থেকে কে-পপ তারকারা তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে তাদের গান এবং সামাজিক প্রচারাভিযান ব্যবহার করার জন্য পরিচিত।
একাত্তর/এআর