দ্য কাশ্মীর ফাইলস আর দ্য কেরালা স্টোরি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় না থামতেই এবার আরেকটি সিনেমা নিয়ে শুরু হয়ে গেছে আলাপ। অশোক পণ্ডিত প্রযোজিত, সঞ্জয় সিং পুরান পরিচালিত বলিউড সিনেমা ‘৭২ হুর’ নিয়ে শুরু হয়েছে নতুন করে বিতর্ক।
সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে জঙ্গি ও সন্ত্রাসবাদের আগুন। কিন্তু কখনো কি কেউ ভেবে দেখেছে যে, এই জঙ্গিরা কারা, কোথা থেকে আসে? জঙ্গি বা সন্ত্রাসীরা কোন এলিয়েন নয়, সাধারণ মানুষ যারা আমার আপনার মতো দেখতে, যারা আমাদের মধ্য থেকে উঠে ভয়ঙ্কর পথ বেছে নেয়।
ধর্ম ও জিহাদের নামে জঙ্গিদের মন এতটাই বিষাক্ত যে, নিরীহ মানুষ হত্যা ও গণহত্যা করার আগে তারা একবারও ভাবে না। তাদের চিন্তাভাবনা তাদের অন্যদের থেকে আলাদা করে। আর এই বিষয়টিকে ঘিরে আবর্তিত হয়েছে ’৭২ হুরাইন’ ছবির কাহিনী।
জঙ্গিদের প্রশিক্ষণের সময় বলা হয়, মৃত্যুর পরে ৭২ জন হুর জন্নাতে তাদের সেবা করবে। এই অবস্থায় মৃত্যুর পর এসব সন্ত্রাসীরা ৭২ হুর বা সুন্দরী কুমারী মেয়েদের দিয়ে সব ধরনের সেবা নেয়ার স্বপ্ন দেখতে থাকে এবং সেই লোভে জঙ্গিবাদের নৃশংস ঘটনা ঘটাতে পিছপা হয় না।
‘৭২ হুরাইন’ ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ৭ জুলাই। পবন মালহোত্রা এবং আমির বশির অভিনীত ছবিটি গোয়ায় ২০১৯ সালে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে ভারতীয় প্যানোরামা বিভাগে প্রিমিয়ার হয়, যেখানে এটি গান্ধী মেডেল পুরস্কারও পেয়েছিলো।
২০২১ সালে সঞ্জয় পুরান সিং চৌহান এই চলচ্চিত্রটির জন্য সেরা পরিচালকের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। ছবির প্রযোজক গুলাব সিং তানওয়ার বলেন, ৭২ হুরাইন একটি নিখুঁত গল্প যেখানে দেখানো হয়েছে, কীভাবে ধর্মের নামে কাল্পনিক গল্পগুলো শুনিয়ে নিরপরাধ ও সাধারণ মানুষকে নৃশংস সন্ত্রাসীতে রূপান্তরিত করার জন্য বিক্রি করা হয় বছরের পর বছর।
অনেকটা ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার মতই '৭২ হুরাইন' নিয়েও এরিমধ্যে ভারতজুড়ে বিতর্কের ঝড় তুলতে শুরু করেছে। সেন্সর বোর্ডে এই সিনেমার বেশ কিছু দৃশ্য ও সংলাপে কাঁচি পড়েছে। যা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগড়ে দিয়েছেন ছবির প্রযোজক।
একাত্তর/এসজে