বরেণ্য কবি ও গীতিকার, বীর মুক্তিযোদ্ধা ফজল-এ-খোদা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি জনপ্রিয় 'সালাম সালাম হাজার সালাম' গানটির রচয়িতা হিসেবে বহুল পরিচিত ছিলেন।
রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে রোববার (৪ জুলাই) ভোর চারটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৮১ বছর।
ফজল-এ-খোদার ছেলে সজীব ওনাসিস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বাস্থ্যবিধি মেনে রোববার রায়ের বাজার কবরস্থানে তার বাবাকে সমাহিত করা হবে।
আরও পড়ুন: পাহাড়ি ঢলের জমানো পানিতে ভেসে উঠল দেড় বছরের শিশুর মরদেহ
'সালাম সালাম হাজার সালাম' গানটি মুক্তিযুদ্ধের সময় বাংলার মানুষকে উজ্জীবিত করেছিল। গানটি বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০ বাংলা গানের তালিকায় ১২তম স্থানে ছিল।
তার লেখা কালজয়ী গানের মধ্যে আরও রয়েছে 'ভালোবাসার মূল্য কত', 'যে দেশেতে শাপলা শালুক', 'ভাবনা আমার আহত পাখির মতো', 'খোকন মণি রাগ করে না', 'কলসি কাঁধে ঘাটে যায় কোন রূপসী', 'আমি প্রদীপের মতো রাত জেগে জেগে'।
ষাট এর দশক থেকে শুরু করে ২০১৫ সাল পর্যন্ত প্রায় ৫০ বছর ফজল-এ-খোদা অসংখ্য দেশাত্মবোধক, আধুনিক, লোক সংগীত, ইসলামী গান রচনা করেছেন।
তিনি ১৯৬৩ সালে বেতারের ও এর পরের বছর টেলিভিশনে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন। ঢাকা বেতারের এই সাবেক আঞ্চলিক পরিচালক শিশু কিশোরদের সংগঠন 'শাপলা শালুকের আসর'-এর প্রতিষ্ঠাতা পরিচালকও ছিলেন। তিনি ১৯৪১ সালের ৯ মার্চ পাবনার বেড়া থানার বনগ্রামে জন্মগ্রহণ করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। প্রতিমন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
একাত্তর/এসজে