ওং কার-ওয়াই সিনেমাজগতে এক নান্দনিক পরিচালকের নাম। সিনেমাকে কিভাবে নান্দনিকভাবে উপস্থাপন করা যায় তার প্রমাণ ওং কার-ওয়াইয়ের সিনেমাগুলো। তার সিনেমার প্রতিপাদ্য বিষয় হলো, দৃশ্যের দৃষ্টিনন্দন উপস্থাপন, মুগ্ধকর আবহসঙ্গীত, আলোর মুগ্ধতা। এক কথায় ওং কার-ওয়াই ক্যামেরা নিয়ে খেলেন। ১৯৫৮ সালে সাংহাইয়ে জন্ম ওং কার-ওয়াইয়ের। মাত্র পাঁচ বছর বয়সে বাবা-মার সাথে হংকংয়ে চলে আসেন তিনি। গ্র্যাজুয়েশন করেছেন গ্রাফিক্স ডিজাইন নিয়ে। ১৯৮১ সালে তিনি স্থানীয় ব্রডকাস্টার টিভিবি’র স্ক্রিপরাইটার স্কিমে ট্রেনিং নেন। এরপর বেশকিছু সিনেমাতে স্ক্রিপরাইটার হিসেবে কাজ করেন। ১৯৮৮ সালে ‘অ্যাজ টিয়ারস গো বাই’ পরিচালক হিসেবে তার প্রথম কাজ। এই প্রতিবেদনে আমরা জানবো ওং কার ওয়াইয়ের পাঁচটি অন্যতম সিনেমা নিয়ে।
ইন দ্য মুড ফর লাভ
ইন দ্য মুড ফর লাভ একটি অন্যরকম প্রেমের গল্প। রোমান্টিক জনরার সিনেমা হলেও এতে নেই তথাকথিত ‘১৮+ দৃশ্য’। আপনাকে খুব সহজেই গল্প ও ক্যামেরার জালে বন্দী করে ফেলবে ইন দ্য মুড ফর লাভ। সিনেমাটি দুজন নিঃসঙ্গ মানুষের জীবন নিয়ে। দুজন মানুষের একাকিত্বকে দারুণভাবে উপস্থাপন করা হয়েছে এই সিনেমায়। ২০০০ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন টনি লিউং চিউ-ওয়াই এবং ম্যাগি চিউং। ইন দ্য মুড ফর লাভে অভিনয় করে টনি ২০০০ সালের কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পান।
ফলেন অ্যাঞ্জেলস
তিনজন ভিন্ন মানুষের গল্পকে ফলেন অ্যাঞ্জেলসে এক সূতায় গেঁথেছেন ওং কার-ওয়াই। এই সিনেমায় কিছু বিশৃঙ্খল জীবনকে ক্যামেরা এবং আলোর কারিশমায় ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমাটিতে ভায়োলেন্স থাকলেও আবেগের কমতি নেই। রাতের নিয়ন আলোও এই সিনেমায় অদ্ভুত সুন্দর। ফলেন অ্যাঞ্জেলসে মূল চরিত্রে অভিনয় করেছেন লিওন লাই, তাকেশি কানেশিরো ও মিশেল রেইস।
চুংকিং এক্সপ্রেস
চুংকিং এক্সপ্রেসেও কয়েকটি ভিন্ন গল্পকে এক গল্পে উপস্থাপন করা হয়েছে। দুজন পুলিশ যাদের অতীতের গল্প বিরহের। একসময় একজন প্রেমে পড়েন এক রহস্যময়ী নারীর। আরেকজন প্রেমে পড়েন ফাস্টফুডের দোকানের এক কর্মচারীর। এই সিনেমায় অভিনয় করেছেন টনি লিউং, ফেই ওয়াং, ব্রিজিট লিন ও তাকেশি কানেশিরো। ২০১৬ সালে বিবিসির করা জরিপে বিংশ শতাব্দীর সেরা ১০০ চলচ্চিত্রের তালিকায় রয়েছে সিনেমাটি।
হ্যাপি টুগেদার
দুজন সমকামী পুরুষের ভালোবাসার গল্প নিয়ে সিনেমাটি তৈরি। হ্যাপি টুগেদারে অভিনয় করেছেন ওং কার-ওয়াইয়ের নিয়মিত দুই অভিনেতা টনি লিউং ও লেজলি চিউং। একটি সাধারণ গল্পকে অসাধারণভাবে উপস্থাপন করেছেন ওং কার ওয়াই এই সিনেমাতে। এ চলচ্চিত্রের জন্য ওং কার ওয়াই কান উৎসবে সেরা পরিচালকের পুরস্কার পান।
২০৪৬
২০৪৬ ‘ইন দ্যা মুড ফর লাভ’-এর সিক্যুয়াল। মূল চরিত্রে ছিলেন টনি লিউং। তবে ম্যাগি চিউং ছিলেন ক্যামিও রোলে। এই সিনেমায় দেখা যায় একটি ভবিষ্যত ল্যান্ডস্কেপে একটি ট্রেনের যাত্রীদের এমন জায়গায় নিয়ে যায় যেখানে তারা তাদের স্মৃতি পুনরুদ্ধার করতে পারে। সিনেমাটি একইসাথে রোমান্টিক ও সাইন্স ফিকশন জনরার।