দীপিকা-রণবীরের ঘরে কবে আসছে নতুন অতিথি?

ছয় বছর প্রেমের পর বিয়ে। ২০১৫ সালে আংটি বদলের পর ২০১৮-তে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং। বিয়ের পাঁচ বছর পর এবার প্রকাশ্যে দীপিকা জানালেন মা হতে চান তিনি।

গত কয়েক বছরে আলিয়া ভাট-রণবীর কাপুর, সোনম কাপুর, স্বরা ভাস্কর থেকে অনেক তারকার বিয়ের পর সন্তান হওয়ার খবর সামনে আসলে এ দম্পতির সংসার ও নতুন অতিথির আগমন সম্পর্কে জানতে উৎসুক হয়ে ছিলেন ভক্তেরা। তখন, সন্তান নেওয়ার প্রসঙ্গে বারবার দীপিকাকে বলতে শোনা গেছে, ‘যখন সময় হবে, তখন নিশ্চয়ই জানাবো। এসব খবর লুকিয়ে রাখা যায় না।’

সম্প্রতি ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ইচ্ছার কথা প্রকাশ করে দীপিকা বলেন, রণবীর আর আমি বাচ্চাদের খুব ভালোবাসি। আমরা অপেক্ষা করছি যেদিন আমরা নিজেদের পরিবারে নতুন অতিথিকে নিয়ে আসতে পারবো।

ওই সাক্ষাৎকারে দীপিকা আরও বলেন, আমাদের পেশায়, খ্যাতি ও যশের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলা খুবই স্বাভাবিক। তবে আমার পরিবারের কোনও সদস্যই বাড়িতে আমাকে ‘তারকা’ বলে মনে করেন না। আমি ও রণবীর আমাদের সন্তানের মধ্যেও সেই বৈশিষ্ট্যগুলো দেখতে চাই।

Deepika-Ranvee

২০১৩ সালে নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধেন রণবীর ও দীপিকা। ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’সহ আরও কয়েকটি সিনেমায় একসঙ্গে পাওয়া গেছে তাদের।

জানা যায় প্রথম ওই সিনেমার সেটেই একে অপরের প্রেমে পড়েন রণবীর ও দীপিকা। তারপর প্রায় ছ’বছরের সম্পর্ক। ২০১৮ সালে সাত পাকে ঘোরেন যুগল। এখন অপেক্ষা শুধু সন্তানের।

এদিকে ২০২৩ সালের শুরুতে শাহরুখের সঙ্গে ‘পাঠান’-এ দেখা যায় দীপিকাকে। এরপর বছরের মধ্যবর্তী সময়ে ‘জওয়ান’-এও খুব অল্প সময়ের অভিনয়ে মুগ্ধ করেছেন ভক্তদের।

শুধু তা-ই নয়, রণবীরের সঙ্গে দূরত্ব এবং বিচ্ছেদের মতো জল্পনাও শোনা যায়। তবে গুজবে পানি ঢালে তাদের একসঙ্গে একে অন্যের সিনেমা দেখতে যাওয়া অথবা ছুটি কাটানোর বিষয়টি।

Deepika-Ranvee1

বর্তমানে দীপিকা তার আসন্ন ছবি ‘ফাইটার’-এর প্রচার নিয়েই বেশি ব্যস্ত। এই ছবিতে তাকে হৃতিক রোশনের সঙ্গে বেশ সাহসী অভিনয় করতে দেখা যাবে। প্রতিনিয়ত আলোচনায় রয়েছে সিনেমাটি। ‘ফাইটার’ ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা।

রণবীরের পাশাপাশি আর কার সঙ্গে দীপিকার চমৎকার রসায়ন রয়েছে, ‘কফি উইথ করণ’-এর অষ্টম মৌসুমে এমন প্রশ্নে দীপিকা জানান, অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে তার চমৎকার রসায়ন রয়েছে।