টলিউডে চলছে বিয়ের মৌসুম। একের পর এক তারকারা নিজের প্রিয়জনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। এর মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেত্রী ও প্রযোজক এনা সাহার সিঁদুরদানের ভিডিও।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লাল পাড় সাদা বেনারসি, লাল ব্লাউজ, হাতে শাঁখা-পলা, গা ভর্তি গয়না, মাথায় মুকুট পরে বসে আছেন অভিনেত্রী।
এনার পাশে বসা পাত্রকে সাদা ধুতি, নেটের চাদর গায়ে দেখা গেছে। তিনি এনার মাথার টিকলি সরিয়ে সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন।
ভিডিও ভাইরালের পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা এনাকে শুভেচ্ছা জানিয়ে নানান মন্তব্য করতে থাকেন। তবে, আনন্দ বাজার পত্রিকার পক্ষ থেকে যোগাযোগ করা হলে অভিনেত্রী জানান, এটা শুধুমাত্র ফটো শুটের জন্য করা হয়েছে। তিনি এখনো বিয়ে করেননি।
অভিনেত্রী বলেন, প্রচুর ফোন আর মেসেজে শুভেচ্ছা বার্তা পাচ্ছি। সকলেই জানতে চাইছেন বিয়ে করে নিলাম কি না। আসলে টলিউডে তো এই বছর আমার সব বন্ধুরাই বিয়ে করে নিয়েছে। তাই হয়তো অনুরাগীদের ধারণা আমিও বিয়ের পিঁড়িতে বসেছি।
বিগত কয়েক বছরে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও হাত পাকিয়েছেন এনা। জানালেন তার প্রযোজিত ‘ডাক্তার কাকু’ ছবিটির আপাতত পোস্ট প্রোডাকশন চলছে। ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋদ্ধি সেন।
এনা বলেন, এই বছর নতুন ছবি প্রযোজনা ইচ্ছে রয়েছে। আপাতত আলোচনা চলছে। চূড়ান্ত হলেই দর্শকরা জানতে পারবেন।
‘রাত ভোর বৃষ্টি’, ‘বউ কথা কও’, ‘বন্ধন’-এর মতো একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন এনা। নানা বিজ্ঞাপনে দেখা গেছে তাকে।
সিনেমায় এনার সফর শুরু হয় সোমনাথ গুপ্ত পরিচালিত ‘আমি আদু’ সিনেমার মাধ্যমে। তারপর ‘বোঝে না সে বোঝে না’, ‘চিরদিনই তুমি যে আমার ২’, ‘ব্যোমকেশ ফিরে এল’, ‘রাজকাহিনী’র মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন।
একাধিক মালয়ালম সিনেমাতেও অভিনয় করেছেন এনা।