‘রেহানা মরিয়ম নূর’ অন্যান্য দেশের মধ্যে শক্তিশালী চলচ্চিত্র: অনুরাগ কশ্যপ

‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে কানের আঙিনা মাতাচ্ছেন আজমেরী হক বাঁধন। এরইমধ্যে দেশে বিদেশে ভক্ত ও সিনেমাবোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। এবার এই সিনেমায় মুগ্ধ হওয়ার কথা জানালেন ভারতের জনপ্রিয় নির্মাতা অনুরাগ কশ্যপ। তার একটি ভিডিও নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন বাঁধন নিজে। 

ভিডিওতে ‘রেহানা মরিয়ম নূর’কে বাংলাদেশের আশেপাশের দেশগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী চলচ্চিত্র বলে আখ্যা দিয়েছেন অনুরাগ। 

তিনি বলেন, চলচ্চিত্রটিতে অভিনয়, নির্মাণশৈলী, শব্দ পরিকল্পনা, লেখনশৈলী সবকিছু দেখেই তিনি মুগ্ধ। সিনেমাটি দেখে তিনি অভিভূত হয়েছেন তিনি। ‘রেহানা মরিয়ম নুর’কে একটি অসাধারণ চলচ্চিত্র বলে উল্লেখ করেন অনুরাগ।

এছাড়াও, কান উৎসবে প্রথমবার পদার্পণ করা উপলক্ষ্যে পুরো বাংলাদেশ এবং পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদ ও অভিনেত্রী বাঁধনকে অভিনন্দন জানান তিনি। 


সিনেমাটির সহকর্মী ও অনুরাগের সাথে কানের একটি রেস্তোরাঁয় আড্ডার ছবিও ভক্তদের সাথে শেয়ার করেছেন বাঁধন। 

অনুরাগ কশ্যপ ভারতের তরুণ প্রজন্মের সবচেয়ে প্রতিভাবান নির্মাতাদের মধ্যে অন্যতম। ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ সিনেমার জন্য নতুন প্রজন্মের দর্শকদের কাছে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়। 

কান উৎসবের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের প্রথম ছবি হিসেবে আমন্ত্রণ পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। ছবিটির চিত্রনাট্য ও সম্পাদনা করেছেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ নিজেই।  ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। এছাড়া বিভিন্ন চরিত্রে আছেন সাবেরী আলম, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি ও অভ্রদিত চৌধুরী।



একাত্তর/এসজে