নাচের বাইরেও দর্শক মনে শিবলী-নিপার ব্যক্তিজীবন নিয়ে কৌতূহলের শেষ নেই। কেউ তাদের মনে করেন স্বামী-স্ত্রী, কেউ ভাবেন অন্যকিছু। তবে তারা বলেন, ‘আমরা এখনও একসঙ্গে পথ চলছি। একে অপরের সাফল্যে খুশি হই। কেউ কাউকে ওভার শ্যাডো করতে চাই না। এজন্যই কাজ করাটা সহজ হয়।’
এবার বিনোদন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে এই জুটি নিয়ে থাকছে দারুণ একটা চমক। ইত্যাদির নাচ মানেই বাড়তি আয়োজন, বাড়তি আকর্ষণ ও ভিন্নমাত্রা। প্রতিবারই ইত্যাদির নির্মাতা চেষ্টা করেন নাচের সংগীত, বিষয় ও চিত্রায়ণে বৈচিত্র্য আনতে। এবার ঈদেও সেই চেষ্টা করা হয়েছে।
ইত্যাদির নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নাচের প্রচলিত ধারার বাইরে বিষয়ভিত্তিক নাচ করা হয়- যেমন ঈদে ঘরমুখী মানুষের আনন্দ এবং সড়ক দুর্ঘটনা, প্রকৃতি ও বাংলাদেশের মানুষের সংগ্রামময় জীবন, বাঙালির বিভিন্ন লোকউৎসব, সাংস্কৃতিক আগ্রাসন ও পারিবারিক বন্ধন ইত্যাদি। তারই ধারাবাহিকতায় এবারের বিষয় ‘সেকাল আর একালের বিয়ে’।
আজকাল বিয়ের অনুষ্ঠানগুলো শুধু বিয়ে আর বউভাত—দুটি অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, থাকে নানা আয়োজন। নেচেগেয়ে এক সঙ্গে বিয়ের স্টেজে ওঠেন বর–কনে। যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে বিয়ের রীতিনীতিও ভুলে যান অনেকে। এসব বিষয়কেই ফুটিয়ে তোলা হয়েছে এই বিশেষ নাচে।
নাচটি পরিবেশন করেন নৃত্যশিল্পী শিবলী মহম্মদ ও শামীম আরা নিপা। তাদের সঙ্গে ছিলেন দেড় শতাধিক নৃত্য ও অভিনয়শিল্পী। হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে সংগীত পরিচালনা করেছেন তরুণ সংগীত পরিচালক আকাশ মাহমুদ।
প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর।