‘চলচ্চিত্র শিল্পে সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।
বাংলাদেশ চলচ্চিত্র, বিনোদন ও সাংস্কৃতিক সাংবাদিকদের ৫৬ বছরের এই সংগঠনটির আয়োজনে গোলটেবিল বৈঠক হবে বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে।
বাচসাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উনবিংশ শতাব্দীর শেষ দশকে চলচ্চিত্র শিল্পের সৃষ্টি। বিশ্বের জন্য এটি একটি অপার বিস্ময়কর বিষয়। বিশ্বের চলমান নিত্যদিনের যাবতীয় ঘটনা অথবা চিত্রনাট্যের পরিকল্পনার আলোকে চলমান চিত্র ধারণ করে চলচ্চিত্র শিল্পে রূপায়ণের মধ্য দিয়ে প্রেক্ষাগৃহে প্রদর্শন শুরু হয়। স্থান-কাল ভেদে এবং পর্যায়ক্রমে চলচ্চিত্র নির্বাক থেকে সবাক হয়েছে। তবে চলচ্চিত্রের সোনালি অধ্যায় এখন অতীত।
করোনা মহামারিতে দেশের চলচ্চিত্র শিল্পে ধস নামে। ধীরে ধীরে এহেন পরিস্থিতি কাটিয়ে ফের চলচ্চিত্রে সুবাতাস বইতে শুরু করে। তবে এখনকার চলচ্চিত্র ঈদ কেন্দ্রিক। বছরজুড়ে সিনেমা মুক্তি পেলেও ব্যবসায়িক ভাবে ব্যর্থ হয় অধিকাংশ সিনেমা। দু-একটা সিনেমা বাদে বাকিগুলো প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হয়।
১৯৬৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাচসাস বিনোদন সাংবাদিক, চলচ্চিত্র, টিভি ও সাংস্কৃতিক অঙ্গনের অভিনেতা-কলাকুশলীদের জন্য কাজ করছে ।
স্বাধীন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র পুরস্কারের প্রচলন হয় এই সংগঠনটির হাত ধরেই। এছাড়াও টেলিফিল্ম, টিভি সিরিয়াল, টিভি নাটক, টিভি অনুষ্ঠান, বিজ্ঞাপনচিত্র, মঞ্চ নাটক, সঙ্গীত ও নৃত্যের জন্য এ পুরস্কার দেয়া হয়।