জামিন পেলেন গায়ক মাঈনুল আহসান নোবেল

নারী নির্যাতনের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাঈনুল আহসান নোবেল। মঙ্গলবার (২৪ জুন) নোবেলের আবেদনে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মেহেরা মাহাবুব তার জামিন মঞ্জুর করেন।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) ইলা মনি সাংবাদিকদের জানান, জামিন শুনানিতে মামলার বাদি আদালতে উপস্থিত ছিলেন। নোবেলের জামিনে আপত্তি নেই বলে তিনি আদালতকে লিখিতভাবে জানান। পরে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করে।

এর আগে ১৯ জুন নোবেলকে বিয়ে করার অনুমতি দেয় আদালত। পরে সেদিনই কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় নোবেল ও সেই নারী এবং দুজনের পক্ষ থেকে চার জন সাক্ষী উপস্থিত ছিলেন।

ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে গত ২০ মে থেকে কারাগারে আছেন গায়ক নোবেল। সেদিন নোবেলের আইনজীবী আদালতের কাছে দাবি করেছিলেন, যে নারী ধর্ষণের অভিযোগ এনেছেন, তিনি তার স্ত্রী। তিনি ধর্ষণ করেননি। ওই নারীকে স্ত্রী হিসেবে দাবি করলেও আদালতে কাবিননামা জমা দিতে পারেননি নোবেলের আইনজীবী।