সাধারণ মানুষের জন্য কনসার্টে যাওয়া কিংবা উড়োজাহাজের ফ্লাইট ধরা যতই রুটিন হোক না কেন, তিনি যখন মালাইকা অরোরা, তখন এক ঝলকের উপস্থিতিই ইন্টারনেটে ঝড় তোলার জন্য যথেষ্ট।
আর এবার কোনো ফ্যাশন শো বা সিনেমার জন্য নয়, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার আলোচনায় মালাইকার পাশে দেখা যাওয়া এক রহস্যময় পুরুষ! আর স্বাভাবিকভাবেই নেটদুনিয়া জানতে চাইছে- কে এই ব্যক্তি?
এই গুঞ্জন শুরু হয় গত ২৯ অক্টোবর। ওই দিন মুম্বাইয়ে এনরিক ইগলেসিয়াসের কনসার্টে যোগ দেন মালাইকা। তাকে সেদিন দারুণ মেজাজে দেখা যায় এবং তিনি এক পুরুষের সঙ্গে গভীর আলোচনায় মগ্ন ছিলেন।
কনসার্ট চলার সময় তাদের হাসি-ঠাট্টা এবং পরে একে অপরের পেছনে ভেন্যু থেকে বের হওয়া- এই দৃশ্যগুলো ক্যামেরায় ধরা পড়তেই অনলাইনে তাদের ডেটিংয়ের গুঞ্জন শুরু হয়ে যায়।
কিন্তু গত বুধবার দুপুরে এই গুঞ্জন আরও জোরদার হলো। মালাইকা অরোরাকে সেই একই পুরুষের সঙ্গে মুম্বাই বিমানবন্দরে দেখা গেল। পাপারাজ্জিদের চোখ এড়াতে তারা দু’জন একসঙ্গে হাঁটেননি।
মালাইকা আগে বের হলেন এবং রহস্যময় পুরুষটি তাকে অনুসরণ করলেন। তবে, তিনি মুখে মাস্ক দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করলেও, মানুষের কৌতূহল তাতে বিন্দুমাত্র কমেনি, বরং বেড়ে গেছে বহুগুণ।
ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তটি আসে যখন তারা পার্কিং এলাকায় পৌঁছান। মালাইকা অরোরা প্রথমে তার গাড়িতে ওঠেন, আর ঠিক কয়েক সেকেন্ড পরেই সেই পুরুষটিও একই গাড়িতে উঠে পড়েন!
দুজনের প্রকাশ্য স্থানে এভাবে বারবার দেখা হওয়া এবং তারপর একসঙ্গে এক গাড়িতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়ার এমন ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে যে, মালাইকার জীবনে হয়ত নতুন বসন্ত এসেছে।
পাপারাজ্জিদের থেকে মুখ আড়াল করার চেষ্টা সত্ত্বেও, অনুরাগীরা এখন নিশ্চিত যে, এই ‘রহস্যময় পুরুষ’ আর কেউ নন, তিনি মালাইকার বিশেষ বন্ধু- হর্ষ মেহতা।
এই জুটি কি তাদের সম্পর্ককে গোপন রাখতে চাইছেন, নাকি শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা করবেন, এমন প্রশ্নের উত্তরের জন্য বলিউড গুঞ্জনের দিকেই নজর রাখছে সবাই।