বলিউডের ‘ধক ধক গার্ল’ খ্যাত মাধুরী দীক্ষিত সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরনো দিনের এক ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেছেন।
‘তেজাব’ ছবির বিপুল সাফল্যের পর এক পূর্ণবয়স্ক ভক্ত তার বাড়িতে হাজির হয়ে দাবি করেন, মাধুরী তাকে দত্তক নেবেন এবং তিনি সেখানেই থাকবেন। এই ঘটনায় এতটাই আতঙ্কিত হয়ে পড়েন অভিনেত্রী ও তার পরিবার যে, শেষ পর্যন্ত বাড়ি বদল করে জুহুতে চলে যান তারা।
সম্প্রতি ‘মিড ডে’কে দেয়া এক সাক্ষাৎকারে মাধুরী স্মৃতিচারণ করে বলেন, তেজাব মুক্তির পর আমি তখনও আন্ধেরিতে পরিবারের সঙ্গে থাকতাম। হঠাৎ এক পূর্ণবয়স্ক ব্যক্তি তার ব্যাগসহ আমাদের বাড়িতে চলে আসেন। মা দরজা খুলতেই তিনি বলেন, তিনি এখান থেকে নড়বেন না। আমি নাকি তাকে দত্তক নেব!
অভিনেত্রী বলেন, আমরা তখন প্রতিবেশীদের বাড়ি গিয়ে সাহায্য চাই। তারাই শেষ পর্যন্ত ওই ব্যক্তিকে বুঝিয়ে একটি গাড়িতে তুলে তার বাড়ি পাঠিয়ে দেন। কিন্তু এই ঘটনায় আমরা এতটাই ভয় পেয়ে যাই যে, নিরাপত্তার কথা ভেবে আন্ধেরি ছেড়ে জুহুতে চলে যাই।
১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘তেজাব’-এ অনিল কাপুরের বিপরীতে অভিনয় করে রাতারাতি তারকা হয়ে ওঠেন মাধুরী। ছবির ‘এক দো তিন’ গানটি আজও অমর। কিন্তু সাফল্যের এই মূল্য তাকে দিতে হয়েছিল এমন অদ্ভুত ও ভীতিকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে।
বর্তমানে ওটিটি সিরিজ ‘মিসেস দেশপাণ্ডে’-তে সিরিয়াল কিলারের ভূমিকায় দেখা যাচ্ছে মাধুরীকে। সাক্ষাৎকারে তিনি আরও শেয়ার করেন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার সময়ের ভক্তদের অদ্ভুত আচরণের কথা, যা তার জীবনকে আরও রোমাঞ্চকর করে তুলেছে।