বলিউডে গ্ল্যামার আর কসমেটিক সার্জারি যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। কে প্রাকৃতিকভাবে সুন্দর আর কার সৌন্দর্যের রহস্য দামী ট্রিটমেন্ট বা ফিল্টার- তা নিয়ে চর্চার শেষ নেই নেটপাড়ায়। ঠিক এই আগুনের মাঝেই যেন এক বালতি ঘি ঢেলে দিলেন বলিউডের স্পষ্টবক্তা পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান। তার দাবি, পুরো ইন্ডাস্ট্রিতে একমাত্র ঐশ্বররিয়া রাই বচ্চন ছাড়া আর কেউই নাকি ‘প্রাকৃতিক সুন্দরী’ নন!
সম্প্রতি নিজের একটি রান্নার ভ্লগে বেশ মজার মেজাজে ধরা দেন ফারাহ। সেখানে তার রাঁধুনি দিলীপ যখন তার উজ্জ্বল ত্বকের রহস্য জানতে চান, ফারাহ রসিকতা করে বলেন, এটা আমার ন্যাচারাল বিউটি আর ভেতরের জেল্লা! তবে আসল রহস্য ফাঁস হয় একটু পরেই।
একটি বিউটি ব্র্যান্ডের প্রমোশনে এসে ফারাহ স্বীকার করেন, তার উজ্জ্বল ত্বকের রহস্য আসলে কসমেটিকস। হাসতে হাসতে তিনি বলেন, দিলীপ ভাবুক আমি প্রাকৃতিকভাবেই সুন্দর, কিন্তু সত্যটা অন্য! কথা প্রসঙ্গে ফারাহ যখন বলিউডের আসল সৌন্দর্য নিয়ে আলোচনা করছিলেন, তখনই তিনি বোমাটি ফাটান।
তিনি সোজা ভাষায় জানিয়ে দেন, ঐশ্বরিয়া রাইকে বাদ দিলে আর কাউকেই সম্ভবত প্রাকৃতিকভাবে সুন্দর বলা যাবে না। ১৯৯৪ সালের মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া যে বিশ্বসুন্দরী, তা নিয়ে কারো দ্বিমত নেই। ‘হাম দিল দে চুকে সনম’ থেকে শুরু করে ‘দেবদাস’ বা সাম্প্রতিক ‘পোন্নিয়িন সেলভান’- সবখানেই তার রূপের জাদু মুগ্ধ করেছে দর্শকদের । ফারাহর মন্তব্য যেন আবারও প্রমাণ করে দিল, নতুনদের ভিড়ে ঐশ্বরিয়া অপরাজেয়।
ঐশ্বরিয়াকে শেষবার ২০২৩ সালে মণিরত্নমের ব্লকবাস্টার ‘পোন্নিয়িন সেলভান ২’ ছবিতে দেখা গিয়েছিল। বড় পর্দায় তার প্রত্যাবর্তনের জন্য ভক্তরা মুখিয়ে থাকলেও, ঐশ্বরিয়া আপাতত কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচাতেই তার রূপের দ্যুতি ছড়াচ্ছেন।
অন্যদিকে, ফারাহ খানও তৈরি হচ্ছেন তার পরবর্তী প্রজেক্ট নিয়ে। তবে সেখানেও রয়েছে এক শর্ত!, ফারাহ জানিয়েছেন, তিনি নতুন সিনেমার কাজ শুরু করার পরিকল্পনা করছেন। শাহরুখ খান ছাড়া তিনি ছবি করবেন না। শাহরুখ ব্যস্ত থাকলে তিনি দরকার হলে আরও অপেক্ষা করবেন তিনি।
বলিউডের মেকআপ আর এডিটিংয়ের ভিড়ে ফারাহ খানের এই ‘ঠোঁটকাটা’ মন্তব্য বি-টাউনে বেশ শোরগোল ফেলেছে। এখন দেখার বিষয়, ফারাহ খানের এই ‘ন্যাচারাল বিউটি’র তালিকায় নাম না থাকা অন্য নায়িকারা বিষয়টিকে কীভাবে নেন! নেটিজেনদের ধারণা, এনিয়ে শিগগিরই মুখ খুলতে পারেন অনেকে।