সোনিয়া গান্ধীর জীবন নিয়ে সিনেমা তৈরির পরিকল্পনা হয়েছিল প্রায় দুই দশক আগে। আর সেই সিনেমায় সোনিয়ার চরিত্রে অভিনয়ের জন্য বেছে নেওয়া হয়েছিল ইতালির অভিনেত্রী মনিকা বেলুচিকে। ২০০৬ সালে ‘সোনিয়া’ নামের একটি জীবনীভিত্তিক সিনেমায় তার অভিনয়ের কথা ঘোষণা করা হয়। কিন্তু চিত্রনাট্য নিয়ে আপত্তি, রাজনৈতিক বিতর্ক ও আইনি জটিলতায় শেষ পর্যন্ত নির্মাণই শুরু হয়নি সিনেমাটির।
সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং’ প্রকাশের পর তার ব্যক্তিজীবন ও রাজনৈতিক পথচলা আবারও আলোচনায় এসেছে। গত ১০ নভেম্বর প্রকাশিত বইটি অবলম্বনে নতুন করে সিনেমা তৈরির উদ্যোগও সামনে এসেছে। তবে সোনিয়ার জীবন নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা এবারই প্রথম নয়।
২০০৬ সালের গ্রীষ্মে মনিকা বেলুচিকে সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত করার কথা জানানো হয়। ইতালিতে জন্ম নেওয়া এই অভিনেত্রী তখন ‘দ্য প্যাশন অব দ্য ক্রাইস্ট’ এবং ‘দ্য ম্যাট্রিক্স’ সিরিজের সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত। সে সময় তিনি কান চলচ্চিত্র উৎসবের বিচারকমণ্ডলীর সদস্যও ছিলেন। সিনেমাটির প্রযোজক সুনন্দা মুরলি মনোহর জানিয়েছিলেন, সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের সম্ভাবনা নিয়ে মনিকা বেশ উচ্ছ্বসিত।
সিনেমাটি পরিচালনার দায়িত্বে ছিলেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসভিত্তিক ভারতীয় বংশোদ্ভূত নির্মাতা জগমোহন মুন্ধরা। সাংবাদিক রশিদ কিদওয়াইয়ের লেখা ‘সোনিয়া: আ বায়োগ্রাফি’ বই অবলম্বনে এটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। এর আগে ‘বাওয়ান্দার’ ও ঐশ্বরিয়া রাই অভিনীত ‘প্রভোকড’ সিনেমা নির্মাণ করেছিলেন মুন্ধরা।
সোনিয়ার জীবনের ইতালিপর্ব থেকে ভারতের রাজনীতিতে তার উত্থান, এই যাত্রাই পর্দায় তুলে ধরতে চেয়েছিলেন নির্মাতা। ইতালির এক তরুণী কীভাবে ভিন্ন জাতি, বর্ণ ও ধর্মের মানুষের দেশ ভারতের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেত্রী হয়ে উঠলেন, সেটিই ছিল তার আগ্রহের বিষয়।
কিন্তু সিনেমার পরিকল্পনা ঘোষণার পরপরই বাধার মুখে পড়ে। ২০০৬ সালে কংগ্রেস দল এর নির্মাতাদের আইনি নোটিশ পাঠায়। সিনেমায় সোনিয়া গান্ধীর জীবন ও রাজনৈতিক পথচলার যথার্থতা নিয়ে প্রশ্ন তোলে দলটি। সে সময় সোনিয়া গান্ধী ছিলেন কংগ্রেসের সভাপতি। তার জীবন কীভাবে স্ক্রিনে তুলে ধরা হবে, তা নিয়ে দলের আপত্তি ছিল। এই আইনি আপত্তি সিনেমা নির্মাণের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়।
বিতর্কের মধ্যেও শুরুতে সিনেমাটি নির্মাণের ব্যাপারে আশাবাদী ছিলেন প্রযোজকেরা। ২০০৬ সালের জুলাইয়ে ‘দ্য নিউইয়র্ক টাইমস’কে সুনন্দা মুরলি মনোহর বলেছিলেন, পরবর্তী ৬০ দিনের মধ্যে শুটিং শুরু করার কথা ছিল তাদের। তবে কংগ্রেসের আপত্তি দূর না করে ভারতে সিনেমাটির কাজ এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না।
পরিচালক মুন্ধরা অবশ্য দাবি করেছিলেন, সোনিয়া গান্ধীর প্রতি যথাযথ সম্মান রেখেই চিত্রনাট্য লেখা হয়েছে। তার ভাষায়, চিত্রনাট্যে বিতর্কিত কিছু ছিল না। সোনিয়ার জীবন নিয়ে তার আগ্রহের কারণ ছিল ভাগ্যের অদ্ভুত পরিক্রমা। ইতালির এক তরুণী কখনো কল্পনাও করেননি যে একদিন তিনি শতকোটি মানুষের একটি দেশের নেতা হয়ে উঠবেন। কীভাবে তিনি সেই দায়িত্বের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন, সেটিই সিনেমায় তুলে ধরতে চেয়েছিলেন নির্মাতা।
তবে শেষ পর্যন্ত সিনেমাটির নির্মাণকাজ শুরু হয়নি। ২০১২ সালে মনিকা বেলুচি নিজেই এ বিষয়ে মুখ খোলেন। তিনি জানান, সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন ঠিকই, কিন্তু চিত্রনাট্য পছন্দ না হওয়ায় তিনি রাজি হননি। অন্য একবার সিনেমাটি বাতিল হওয়ার পেছনে ‘অনেক কারণ’ ছিল বলেও উল্লেখ করেন তিনি। বিভিন্ন সময়ে ঐশ্বরিয়া রাই ও প্রীতি জিনতার নামও সোনিয়ার চরিত্রের সম্ভাব্য অভিনেত্রী হিসেবে আলোচনায় এসেছিল।
প্রায় দুই দশক পর সোনিয়া গান্ধীর জীবন নিয়ে আবারও সিনেমা নির্মাণের উদ্যোগ সামনে এসেছে। তার স্মৃতিকথা ‘বিলংগিং’ প্রকাশের পর তেলেঙ্গানা কংগ্রেসের নেতা টি জয়প্রকাশ রেড্ডি, যিনি জগ্গা রেড্ডি নামে পরিচিত, বইটি অবলম্বনে সিনেমা নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন।
তার ঘোষণা অনুযায়ী, তেলুগু, হিন্দিসহ আরও কয়েকটি ভাষায় সিনেমাটি নির্মিত হবে। এটি বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি করা হবে না বলেও জানিয়েছেন তিনি। আগামী ৯ ডিসেম্বর সোনিয়া গান্ধীর জন্মদিন ঘিরে একটি অনুষ্ঠানের পরিকল্পনা করছেন উদ্যোক্তারা। সিনেমাটি মুক্তির সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৮ সালের ৯ ডিসেম্বর। তবে নতুন এই উদ্যোগ নিয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এখনো কোনো মন্তব্য করেনি।
সূত্র: নিউজ ১৮