‘আন্ডারওয়ার্ল্ড ডন’ দাউদ ইব্রাহিমের সঙ্গে যুক্ত এক বড়সড় মাদকচক্রের পর্দা উন্মোচন করেছে মুম্বাই পুলিশের অ্যান্টি-নারকোটিকস সেল (এএনসি)। এই তদন্ত চলার ময় বেশ কয়েকজন বলিউড তারকার নাম উঠে আসায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, যা একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার (ইন্ডিয়া টুডে) প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
এই সিন্ডিকেটটি দুবাই থেকে নিয়ন্ত্রণ করতো দাউদ ইব্রাহিমের সহযোগী ও ফেরারি মাদক সম্রাট সেলিম ডোলা। অভিযোগ, সেলিম ডোলা ‘এম-ক্যাট’ নামে পরিচিত মেফিড্রোন নামক মাদকটি ভারতের একাধিক রাজ্যসহ বিদেশেও পাচার করতো। এই চক্রের সব গোপন তথ্য ফাঁস করেছেন সেলিমের ছেলে তাহের ডোলা, যাকে গত আগস্ট মাসে সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়।
পুলিশকে দেয়া তথ্য অনুযায়ী, তাহের ডোলা ভারতে এবং বিদেশে আয়োজিত বিভিন্ন মাদক পার্টিতে অংশ নিতেন এবং তিনিই এসব অনুষ্ঠানে মাদক সরবরাহ করতেন।
পুলিশের প্রতিবেদনে তাহেরের দেয়া তথ্যের ভিত্তিতে বেশ কিছু পরিচিত নাম উঠে এসেছে। তাহের দাবি করেছেন, বলিউড অভিনেতা, মডেল, র্যাপার, চলচ্চিত্র নির্মাতা, এমনকি দাউদের আত্মীয়-স্বজনও তার আয়োজিত মাদক পার্টিতে যোগ দিতেন।
পুলিশি নথি অনুযায়ী, অভিযুক্ত তাহের দোলা অতীতে আলিশা পারকার, অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও তার ভাই সিদ্ধান্ত কাপুর, নোরা ফাতেহি, জিশান সিদ্দিকী, ওরি ওরফে ওরহান, পরিচালক জুটি আব্বাস-মাস্তান এবং র্যাপার লোকাসহ আরও অনেকের সঙ্গে দেশে-বিদেশে মাদক পার্টি আয়োজন করেছেন এবং তাদের মাদক দিয়েছেন।
উল্লেখযোগ্য, যে আলিশা পারকারের নাম পুলিশের প্রতিবেদনে রয়েছে, তিনি দাউদ ইব্রাহিমের ছোট বোন হাসিনা পারকারের ছেলে।
বিষ্ময়কর তথ্য হলো, অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ২০১৭ সালের একটি ছবিতে দাউদ ইব্রাহিমের ছোট বোন হাসিনা পারকারের চরিত্রে অভিনয় করেছিলেন, যার পরিচালক ছিলেন অপূর্ব লাখিয়া। সেই ছবিতে শ্রদ্ধার ভাই সিদ্ধান্ত কাপুর দাউদ ইব্রাহিমের ভূমিকায় ছিলেন।
তদন্তের প্রেক্ষিতে ১২ থেকে ১৩ নভেম্বর তারিখের মধ্যে ভারতে গুগল সার্চে ‘দাউদ ইব্রাহিম’ সংক্রান্ত আগ্রহ তুঙ্গে ছিল। মাদকচক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি এবং নেটওয়ার্কের বিস্তার জানতে তদন্ত এখনও চলছে।