দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বাদশাহ, কনে পাঞ্জাবি অভিনেত্রী ইশা

বলিউডের ব্যাড বয় কি তবে এবার আসলেও 'গুড বয়' হয়ে গেলেন? জনপ্রিয় র‍্যাপার বাদশাহ এবং পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির বিয়ের গুঞ্জন এখন সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এনডিটিভি-র ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে যে, এই জুটি সত্যিই সাতপাকে বাঁধা পড়েছেন। প্রথম স্ত্রী জেসমিনের সঙ্গে বিচ্ছেদের প্রায় ছয় বছর পর আবারও বিয়ের পিঁড়িতে বসলেন এই মিউজিক সেনসেশন।


বিয়ের এই খবরটি প্রথম ডানা মেলে মঙ্গলবার, যখন ইশা রিখির মা পুনম রিখি ইনস্টাগ্রামে কিছু চমৎকার ছবি শেয়ার করেন। সেখানে দেখা যায়, বাদশাহ এবং ইশা প্রথাগত বিয়ের পোশাকে সেজেছেন এবং পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে একে অপরকে মালা বদল করছেন।


ঘরোয়া কিন্তু আভিজাত্যে ঘেরা এই অনুষ্ঠানে বর-কনেকে বেশ প্রাণবন্ত দেখাচ্ছিল। পুনম রিখি ছবির ক্যাপশনে লিখেছেন, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন, যা ভক্তদের মনে কোনো সন্দেহের অবকাশ রাখেনি।


ইশার বোন পূজা সিং গুজরালও আবেগঘন এক পোস্টে দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, আমার সুন্দরী বোন ইশা সবচেয়ে রূপবতী কনে হয়েছে আমাদের হ্যান্ডসাম বাদশাহ ভাজির জন্য। তোমাদের ভালোবাসা আর সুখ উদযাপনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। যদিও বাদশাহ বা ইশা এখনো আনুষ্ঠানিকভাবে এই খুশির খবর ভক্তদের জানাননি, কিন্তু তাঁদের কাছের মানুষদের পোস্ট এবং ভাইরাল হওয়া ছবিগুলো বলছে অন্য কথা।


উল্লেখ্য, বাদশাহ এর আগে জেসমিন মাসিহর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। ২০১৭ সালে তাঁদের কোল আলো করে আসে কন্যা সন্তান জেসেমি গ্রেস মাসিহ সিং। তবে ২০২০ সালে তাঁদের পাকাপোক্তভাবে বিচ্ছেদ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর ইশার হাত ধরে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বাদশাহ। এখন দেখার বিষয়, ভক্তদের উদ্দেশ্যে প্রিয় ‘পাঞ্জাবি মুন্ডা’ নিজে কবে এই সুখবর শেয়ার করেন!

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি