বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক না দেখা রোমান্টিক ছবি শেয়ার করে ভক্তদের এক দারুণ সারপ্রাইজ দিলেন হৃতিক।
সমুদ্র সৈকতে সূর্যাস্ত দেখার মিষ্টি আলিঙ্গন থেকে শুরু করে পাহাড়-নদীর ধারে রোমান্টিক ছুটির সুন্দর মুহূর্ত- ছবিগুলোতে স্পষ্ট ফুটে উঠেছে তাঁদের ভালোবাসার রসায়ন। ক্যাপশনে হৃতিক লেখেন, ইটস আওয়ার বার্থডে। হ্যাপি ফিফথ মাই লাভ। তবে হৃতিকের এই পোস্টে সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খানের মিষ্টি মন্তব্য, যিনি নির্দ্বিধায় কমেন্ট বক্সে লেখেন, সো সুইট, হ্যাপি অ্যানিভার্সারি!
২০০০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া হৃতিক ও সুজান ২০১৪ সালে আলাদা হলেও তাঁদের বন্ধুত্ব ও পারস্পরিক সম্মান আজ অব্দি অটুট। দুই সন্তান হ্রেহান ও হৃধানকে একসঙ্গে দায়িত্ব নিয়ে বড় করার পাশাপাশি পরস্পরের নতুন জীবনকেও খোলামনে স্বাগত জানিয়েছেন তাঁরা।
২০২২ সালে সাবা আজাদের সঙ্গে সম্পর্ক অফিসিয়াল করার পর থেকে পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে দেশ-বিদেশের রেড কার্পেট বা ভ্যাকেনশনে তাঁদের একসঙ্গে দেখা গেছে। বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ হিসেবে সাবা-হৃতিকের এই ভালোবাসার পথচলা সামাজিক মাধ্যমে মুহূর্তেই নেটপাড়ায় জোর চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।
কাজের ক্ষেত্রেও বর্তমানে তুঙ্গে রয়েছেন এই তারকা জুটি। হৃতিককে সম্প্রতি দেখা গেছে মেগা ব্লকেবাস্টার ‘ওয়ার ২’ সিনেমায় জুনিয়র এনটিআর ও কিয়ারা আদভানির সাথে মূল ভূমিকায়। এ ছাড়াও আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ অভিনীত ‘আলফা’ সিনেমায় ক্যামিও চরিত্রে চমক দিয়েছেন তিনি।
এমনকি খুব শিগগিরই তিনি ‘কৃষ ৪’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে ডেবিউ করতে যাচ্ছেন এবং সুপারস্টার রজনীকান্তের ‘জেলার ২’ সিনেমাতেও তাঁর উপস্থিতি নিয়ে দারুণ জল্পনা চলছে। অন্যদিকে সাবা আজাদকেও সম্প্রতি প্রাইম ভিডিওর ‘সংগস অব প্যারাডাইস’ এবং জি-ফাইভের ক্রাইম থ্রিলার ‘বান্দর’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কাড়তে দেখা গেছে।