পরীমনিকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিলেন হিরো আলম

মিডিয়া পাড়ায় চর্চা থামছেই না! সাংবাদিকদের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির সাম্প্রতিক অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম।

পরীমনিকে উদ্দেশ্যে করে সরাসরি ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়ে তিনি এক প্রকার হুংকারই ছেড়েছেন, যে মিডিয়া কাউকে হিরোইন বানাতে পারে, সেই মিডিয়াই তাকে জিরোইনও বানাতে পারে!

Porimoni 02
সোমবার রাতে টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী গরুর হাটে আয়োজিত মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি ও গণমাধ্যমকে নিয়ে এই মন্তব্য করেন হিরো আলম।

সাম্প্রতিক সময়ে আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে পরীমনির কুরুচিপূর্ণ আচরণ ও গালিগালাজের ঘটনাটি বিনোদন অঙ্গনে রীতিমতো ঝড় তুলেছে। বিষয়টি নিয়ে দেশজুড়ে চলা তোলপাড়ের মাঝেই এবার মাঠে নামলেন হিরো আলম।

Porimoni 03
অনুষ্ঠানে গণমাধ্যমের আকাশচুম্বী ক্ষমতার কথা স্মরণ করিয়ে দিয়ে হিরো আলম বলেন, "আজকে যদি মিডিয়া না থাকত, তাহলে আমি হিরো আলম আপনাদের সামনে আসতে পারতাম না। এই মিডিয়ার কারণেই আজকে আমি হিরো আলম হয়েছি।

সেলিব্রিটিদের অহংকার ভেঙে গণমাধ্যমকর্মীদের প্রতি সম্মান প্রদর্শনের তাগিদ দিয়ে তিনি বলেন, আমাদের দেশের প্রথম সারির নায়িকা পরীমনি যেভাবে সাংবাদিক ভাইকে গালিগালাজ করেছেন, তা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।

Porimoni 04
পরীমনির উদ্দেশে হিরো আলম আরও স্পষ্ট ভাষায় বলেন, আমরা চাই এই বিষয়ের দ্রুত অবসান হোক। পরীমনি আপা, আপনি সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চান। কারণ, যে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, সেই মিডিয়াই আপনাকে জিরোইনও বানাতে পারে। আর কোনো কাদা ছোড়াছুড়ি না করে দ্রুত ক্ষমা চেয়ে এই বিতর্কের অবসান ঘটানোর জন্য নায়িকার প্রতি বিনীত অনুরোধও জানান এই কনটেন্ট ক্রিয়েটর।

সব মিলিয়ে, পরীমনির এই বেফাঁস আচরণ যে তাঁর ক্যারিয়ারের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে, হিরো আলমের এই কড়া বার্তার পর সেই গুঞ্জনই এখন টলিউড পাড়ায় ডালপালা মেলছে!