জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে ফ্যাশন ডিজাইনার ও নারী উদ্যোক্তা সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন এবং আগামী ২৩ নভেম্বর তাকে আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(সি) ধারায় মামলাটি দায়ের করেন বাদী সানায়া চৌধুরী নিজেই। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বাদী সানায়াসহ তার আইনজীবী শুভ্র সিনহা রায়।
মামলার নেপথ্যের কাহিনী ও শাড়ি বিতর্ক: মামলার বিবরণে জানা যায়, গুলশানের ১২৭ নম্বর সড়কে সানায়া চৌধুরীর ফ্যাশন হাউজ ও স্টুডিও রয়েছে। গত ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। নিয়ম অনুযায়ী অনুষ্ঠান শেষে পরদিনই শাড়িটি ফেরত দেয়ার কথা থাকলেও তা আর ফেরত দেয়া হয়নি বলে অভিযোগ করেন ডিজাইনার সানায়া।
এরপর থেকেই শুরু হয় দ্বন্দ্ব। ওই বছরের ১৫ ডিসেম্বর শাড়িটি ফেরত চেয়ে ফেসবুকে ম্যাসেজ পাঠালে তিশা তাকে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন বাদী। পরবর্তীতে ২০২৫ সালের ১৩ ও ১৮ মার্চ দুটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা হলেও শাড়ি ফেরত মেলেনি।
এমনকি গত বছরের ১০ নভেম্বর মেসেঞ্জারে ফোন করে তিশা তাকে মামলা না করার ও সামাজিকভাবে হেয় করার হুমকি দেন। এ ঘটনায় ওই বছরের ১২ নভেম্বর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) এবং পরে ২৭ নভেম্বর আদালতে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলা দায়ের করেন সানায়া।
পিবিআইয়ের প্রতিবেদন ও সিআইডির অধিকতর তদন্ত: এর আগে আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করে পিবিআই। তবে গত বছরের ২৫ মে দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনে পিবিআই জানায়, তানজিন তিশার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি এবং তাকে অব্যাহতির সুপারিশ করা হয়।
কিন্তু পিবিআইয়ের এই প্রতিবেদনে সন্তুষ্ট না হয়ে নারাজি আবেদন করেন বাদী সানায়া চৌধুরী। গত রোববার (২৫ অক্টোবর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম বাদীর নারাজি আবেদন মঞ্জুর করে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন। আদালত আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সিআইডিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
নিরাপত্তাহীনতার অভিযোগ ও নতুন মামলা: বাদী সানায়ার অভিযোগ, পিবিআইয়ের রিপোর্টের বিরুদ্ধে নারাজি আবেদন ও আদালতের অধিকতর তদন্তের আদেশের পর থেকেই তানজিন তিশা বিভিন্ন লোকজনের মাধ্যমে তাকে হত্যার হুমকি দিচ্ছেন এবং তার বাসায় লোক পাঠাচ্ছেন। চরম নিরাপত্তাহীনতায় ভুগে তাই বাধ্য হয়েই তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে এই নতুন ফৌজদারি মামলাটি করেছেন।
তবে এই পুরো বিষয়ে এখন পর্যন্ত তানজিন তিশার কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সিআইডির অধিকতর তদন্তে চাঞ্চল্যকর এই শাড়ি কাণ্ডের আসল রহস্য কী বেরিয়ে আসে, এখন সেটাই দেখার বিষয়!