পপ দুনিয়ার সেনসেশন দুয়া লিপা এবার আইনি লড়াইয়ে নামলেন দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্সের বিরুদ্ধে। অনুমতি ছাড়া নিজের ছবি ব্যবহার করে টেলিভিশন বিপণন করার অভিযোগে প্রতিষ্ঠানটির কাছে ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন এই ব্রিটিশ গায়িকা। গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে এই হাই-প্রোফাইল মামলাটি দায়ের করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, স্যামসাং তাদের খুচরা বিক্রির জন্য তৈরি টিভির কার্ডবোর্ডের বাক্সের ওপর দুয়া লিপার একটি কপিরাইট ছবি ব্যবহার করেছে। দুয়া লিপার আইনজীবীদের দাবি, বাক্সের গায়ে গায়িকার ছবি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যাতে সাধারণ ক্রেতাদের মনে হয় তিনি পণ্যটির প্রচার বা ‘এনডোর্সমেন্ট’ করছেন। এর ফলে স্যামসাং অনৈতিকভাবে তাঁর জনপ্রিয়তাকে ব্যবসায়িক কাজে লাগিয়েছে।
মামলায় দুয়া লিপার আইনজীবীরা প্রমাণ হিসেবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টের স্ক্রিনশট জমা দিয়েছেন। সেখানে দেখা গেছে, অনেক ভক্ত মন্তব্য করেছেন যে, শুধুমাত্র দুয়া লিপার ছবি বাক্সে আছে বলেই তারা টিভিটি কিনতে আগ্রহী। একজন ভক্ত তো সরাসরি লেখেন, আমি টিভিটা কিনব কারণ এতে দুয়া আছে। আইনজীবীদের মতে, এটি প্রমাণ করে স্যামসাং লিপার পরিচিতি ব্যবহার করে সরাসরি লাভবান হয়েছে।
দালিলিক তথ্য অনুযায়ী, গত বছরের জুন মাসেই দুয়া লিপা এই কপিরাইট লঙ্ঘনের বিষয়টি জানতে পারেন এবং স্যামসাংকে তাঁর ছবি ব্যবহার বন্ধ করতে বলেন। কিন্তু টেক জায়ান্টটি বারবার সেই অনুরোধ প্রত্যাখ্যান করে ছবি ব্যবহার চালিয়ে যায়। লিপার পক্ষের দাবি, স্যামসাংয়ের এই একগুঁয়েমি তাঁর ব্র্যান্ড ভ্যালু ও বাণিজ্যিক ভাবমূর্তি নষ্ট করছে এবং ক্রেতাদের কাছে মিথ্যা বার্তা দিচ্ছে।
মামলায় কপিরাইট এবং ট্রেডমার্ক লঙ্ঘনের পাশাপাশি পাবলিসিটি রাইটস বা প্রচার স্বত্ব ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে স্যামসাং ইলেকট্রনিক্সের একজন মুখপাত্র জানিয়েছেন, মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন থাকায় তারা এখনই কোনো মন্তব্য করতে পারছেন না। অন্যদিকে দুয়া লিপার আইনজীবীরা মামলার বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি।
‘লেভিটেটিং’ খ্যাত এই গায়িকা নিজের আইনি অধিকার আদায়ে যে আপসহীন, তা এই ১৫ মিলিয়ন ডলারের মামলা থেকেই স্পষ্ট। বিশ্বখ্যাত একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পপ তারকার এই লড়াই বিনোদন ও করপোরেট বিশ্বে বেশ শোরগোল ফেলে দিয়েছে। এখন দেখার বিষয়, আদালতের কাঠগড়ায় স্যামসাং কীভাবে নিজেদের পিঠ বাঁচায় নাকি বিশাল অঙ্কের জরিমানা গুনে দুয়া লিপার সাথে সমঝোতায় আসতে হয়।
তথ্যসূত্র: রয়টার্স