টেইলর সুইফটের সঙ্গে বিয়ের সিক্রেট ফাঁস করলেন স্বামী

বিশ্বসংগীতের পপ-কুইন টেইলর সুইফট এবং আমেরিকান ফুটবল (এনএফএল) তারকা ট্র্যাভিস কেলসির সেই বহুল আলোচিত ‘সিক্রেট ওয়েডিং’ নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং বর! দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কেলসি খোলামেলাভাবেই স্বীকার করেছেন, নিউইয়র্কের আইকনিক মেডিসন স্কয়ার গার্ডেনে সুইফটের সঙ্গে সেই বিয়ের রাতটিই ছিল তাঁর ‘জীবনের সেরা রাত’।

Taylor Swift 09
গত ৩ জুলাই নিউ ইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে একদম গোপনে, তারকাদের মেলায় চার হাত এক হয়েছিল এই রাজকীয় জুটির। কৌতুক অভিনেতা অ্যাডাম স্যান্ডলারের পরিচালনায় সম্পন্ন হওয়া সেই বিয়ের পর থেকে মুখ খোলেননি কেউই। অবশেষে ক্যানসাস সিটি চিফসের ট্রেনিং ক্যাম্পে এসে সাংবাদিকদের কাছে অনুভূতির ঝাঁপি খুলে দিলেন কেলসি।

Taylor Swift 03
ট্রেনিং গ্রাউন্ডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উচ্ছ্বসিত কেলসি বলেন, বিশ্বের অন্যতম সেরা স্পোর্টস ভেন্যুতে শৈশবের স্বপ্নের মতো এমন একটি জায়গায় বিয়ে করতে পারাটা সত্যিই অদ্ভুত সুন্দর এক অভিজ্ঞতা ছিল। আমার অতিথিদের অসংখ্য ধন্যবাদ, সত্যি বলতে ওটা ছিল এক উন্মাদনাময় রাত!

Taylor Swift 04
বিয়ের সব কিছু অত্যন্ত গোপন রাখা হলেও নিউ ইয়র্কের রাস্তাঘাট বন্ধ করে দেওয়া এই ইভেন্টে উপস্থিত ছিলেন হলিউড ও বিশ্ব সংগীতের প্রথম সারির এ-লিস্ট সব তারকারা। অভিনেতা হিউ গ্রান্ট, জেসন সুডেকিস, গায়ক বেনসন বুন এবং প্রখ্যাত মডেল জিজি হাদিদের মতো চেনা মুখগুলোকে স্যুট ও জমকালো পোশাকে ভেন্যুতে ঢুকতে দেখা যায়।

Taylor Swift 05
সাক্ষাৎকারের এক পর্যায়ে প্রথমবারের মতো টেইলর সুইফটকে প্রকাশ্যে ‘আমার স্ত্রী’ বলে সম্বোধন করেন ৩৭ ছুঁইছুঁই এই ফুটবল তারকা। তিনি রসিকতা করে বলেন, ভেন্যুর ভেতরে এসি বেশ কড়াভাবেই জ্বলছিল! (জুলাইয়ের ওই সময়ে নিউইয়র্কে চলা তীব্র দাবদাহের দিকেই ছিল তাঁর ইঙ্গিত)।

Taylor Swift 06
মিডিয়া আর পাপারাজ্জিদের চোখ ফাঁকি দিতে বিয়ের বিস্তারিত তথ্য বা অফিশিয়াল কোনো ছবি এখনো প্রকাশ করা হয়নি। এমনকি বিয়ের দিন বিশাল স্ক্রিনে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা আসার আগ পর্যন্ত সাধারণ মানুষ টেরই পাননি এটি সত্যিই বিয়ে নাকি শুধুই কোনো পার্টির আয়োজন! কেলসি মেডিসন স্কয়ার গার্ডেনের মালিকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান এই বিশাল গোপনীয়তা নিখুঁতভাবে বজায় রাখার জন্য।

Taylor Swift 01
কথায় কথায় কেলসি জানান, গত বছর যখন নিউইয়র্ক নিক্স বাস্কেটবল টিম এনবিএ ফাইনাল খেলছিল, তখন মিনি ক্যাম্পের কারণে তিনি স্টেডিয়ামে যেতে পারেননি, তবে সুইফট একাই গিয়ে গ্যালারি মাতিয়ে এসেছিলেন। সেই আক্ষেপ ঘুচল এবার নিজেই সেখানে বর সেজে ঢুকে!

Taylor Swift 08
রোমান্টিক অফ-সিজন শেষ করে এবার এনএফএল মাঠে নজর দিতে চান তিনবারের সুপার বোল জয়ী এই তারকা। গত মৌসুমে তাঁর দল চিফস প্লে-অফে পৌঁছাতে পারেনি, যা নিয়ে ভক্তদের মনে ক্ষোভ রয়েছে। অনেকে ধারণা করছেন এটিই হয়তো কেলসির ক্যারিয়ারের শেষ মৌসুম হতে চলেছে।

Taylor Swift 07
তবে অবসরের গুঞ্জন উড়িয়ে কেলসি বলেন, খেলার প্রতি আমার প্রেম আগের মতোই আছে। এবার নিজেকে প্রমাণ করার পালা। গ্রাউন্ড আমার জন্য একটি পবিত্র জায়গা এবং বন্ধুদের সাথে আবার কঠোর অনুশীলনে নামতে পেরে আমি ভীষণ রোমাঞ্চবোধ করছি। প্রেমের দ্যুতি ছড়িয়ে এখন মাঠের লড়াইয়ে ফেরার জন্য প্রস্তুত সুইফটের এই নতুন স্বামী!