জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের করুণা বা অনুদান নয়, বরং বৈশ্বিক জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
রোববার রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘বাংলাদেশ অ্যাট কপ-৩১: ফ্রম ন্যাশনাল প্রায়োরিটিজ টু গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘আজকের প্রজন্ম ফোরাম’ (এপিএফ) আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করে ‘ইয়ং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক’।
চিফ হুইপ বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.৪৭ শতাংশ হলেও প্রায় ২০ কোটি মানুষের এই দেশ জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ক্ষতির শিকার হচ্ছে। অথচ উন্নত দেশগুলোর ঐতিহাসিক কার্বন নিঃসরণের দায় বহন করতে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষকে।
তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে বরগুনা ও খুলনায়, নদীর পানিতে লবণাক্ততা বাড়ায় সুপেয় পানির সংকট তীব্র হচ্ছে। এতে কৃষি ও মৎস্যসম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি প্রতিবছর বন্যায় মানুষের ঘরবাড়ি, ফসল, গবাদিপশু ও বসতভিটা পানিতে ভেসে যাচ্ছে।