দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা গতদিনের তুলনা কমেছে।
সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭১ জন রোগী। আগের দিন একই সময়ে এই সংখ্যা ছিল ৩৯৯। ২৪ ঘণ্টার হিসেব করা হয়েছে রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত।
এই সময়ে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে, এ বছর এখনও দেশে ডেঙ্গুতে মৃত্যু হলো ৪৫ জনের।
নতুন আক্রান্ত মিলিয়ে দেশের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৮৫ জনে। এরমধ্যে ঢাকায় এক হাজার ২২ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন ৩৬৩ জন।
চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ৬০৯ জনে। চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ছয় হাজার ১৭৯ জন।
দেশে ডেঙ্গু রোগ মারাত্মক আকার ধারণ করে ২০১৯ সালে। ওই বছর দেশে এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন।
আরও পড়ুন: হার্টের রিং কি এবং কেন?
আর ডেঙ্গুতে সবচেয়ে প্রাণহানি ঘটেছে ২০২২ সালে। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। মারা যান ২৮১ জন।
একাত্তর/আরএ