ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৮৯

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। গতদিন ১২ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৫৮৯ জন রোগী। আগের দিন একই সময়ে এই সংখ্যা ছিল দুই হাজার ৭১১। ২৪ ঘণ্টার হিসেব করা হয়েছে বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত।

নতুন ১০ জনসহ এ বছর দেশে ডেঙ্গুতে মৃত্যু হলো ২৮৩ জনের।

২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে এক হাজার ১১০১ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং এক হাজার ৪৮৮ জন ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।

নতুন আক্রান্ত মিলিয়ে দেশের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ২১০ জনে। এরমধ্যে ঢাকায় চার হাজার ৬৫০ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন চার হাজার ৫৬০ জন।

২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দুই হাজার ৬৯৪ জন।

চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ৭১৬ জনে। চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫০ হাজার ২২৩ জন।

দেশে ডেঙ্গু রোগ মারাত্মক আকার ধারণ করে ২০১৯ সালে। ওই বছর দেশে এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন।

আরও পড়ুন: নুরকে দেখতে হাসপাতালে ফখরুল

আর ডেঙ্গুতে সবচেয়ে প্রাণহানি ঘটেছে ২০২২ সালে। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। মারা যান ২৮১ জন।


একাত্তর/আরএ