গণঅধিকার পরিষদের (একাংশ) আহত নেতা নুরুল হক নুরকে হাসপাতালে দেখে এলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরের পর মহাখালীর ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি ডাকসুর সাবেক ভিপিকে দেখতে যান তিনি।
এসময় বিএনপির মহাসচিব নুরের পাশে বেশ কিছু সময় অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। দলের মহাসচিবের সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কয়েকজন নেতা।
পরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, সরকার রাজনৈতিক নেতাদের ওপর হামলা শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গয়েশ্বর চন্দ্র রায়ের পর নুরের ওপর হামলা হয়েছে।
তিনি বলেন, ‘মানুষ যখন তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে আন্দোলনে ঐক্যবদ্ধ হচ্ছে, তখন এভাবে রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা করে তা দমাতে চাইছে সরকার। সন্ত্রাস করে, নির্যাতন করে আন্দোলন রুখতে চায় সরকার।
জনগণ জেগে উঠলে কোনো কিছু আটকানো যায় না মন্তব্য করে তিনি বলেন, জনগণ জেগে উঠেছে।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করতে গিয়ে হামলার শিকার হন নুরুল হক নুর। এ ঘটনায় আহত হয়েছেন নুরের দলের বেশ কয়েকজন নেতাকর্মী।
প্রথমে নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে নেয়া হয় ইউনিভার্সেল হাসপাতালে।
মির্জা ফখরুলের সঙ্গে নুরকে দেখতে যান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম প্রমুখ।
একাত্তর/আরবি
