ডেঙ্গুতে মৃত্যু বাড়েনি, কমেছে হাসপাতালে ভর্তি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো এক হাজার ১২২ জনে।

এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৪২৫ জন। মঙ্গলবার দুই হাজার ৫৫৫ জন রোগী শনাক্তের সংবাদ দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৭৯ জন ও ঢাকার বাইরের এক হাজার ৮৪৬ জন। মৃতদের মধ্যে ৩ জন ঢাকার, ১০ জন ঢাকার বাইরের বাসিন্দা।

চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ ৩১ হাজার ২০৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯০ হাজার ৩৯ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এক লাখ ৪১ হাজার ১৬৫ জন।

বর্তমানে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৬৯০ এবং ঢাকার বাইরে পাঁচ হাজার ৯৫৭ জন।

একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ২১ হাজার ৪৩৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৬ হাজার ৬৪৬ জন এবং ঢাকার বাইরের এক লাখ ৩৪ হাজার ৭৮৯ জন।

ডেঙ্গু নিয়ে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার হার ৯৬ শতাংশ। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৮ হাজার ৬৪৭ জন। ভর্তির হার চার শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

২০২২ সালে ডেঙ্গুতে দেশে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে এডিস মশাবাহী এই রোগে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিলো।