দেশে গেলো ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া এই জ্বর নিয়ে গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মারা গেছেন ২৬৪ জন। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ হাজার ১৯৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত সাতজনের মধ্যে ঢাকা বিভাগের দুইজন। এছাড়া বরিশাল বিভাগে তিনজন, খুলনা বিভাগে একজনের এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৫২ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৮৬ জন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ১৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৫৪ জন, খুলনা বিভাগে ১০৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, বরিশাল বিভাগে ১০৪ জন, রংপুরে ৩১ জন, রাজশাহী বিভাগে ৬৬ জন ও সিলেট বিভাগে পাঁচজন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৯১৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৯ হাজার ১৩০ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২১ হাজার ৭৮৯ জন।
দেশের ইতিহাসে ২০২৩ সালে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ও মৃত্যুবরণ করেছেন। বছরের বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। এর মধ্যে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
২০২২ সালে ডেঙ্গুতে দেশে ২৮১ জন মারা যান। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে এডিস মশাবাহী এই রোগে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। সে বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিলো।